যেন ছোট্ট সাহেব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুরাও কেতাদুরস্ত, এখনই যেন যাবে কোনো অনুষ্ঠানে
শিশুরাও কেতাদুরস্ত, এখনই যেন যাবে কোনো অনুষ্ঠানে

শীতের মৌসুমে থাকে বিয়ে, বউভাতসহ নানা ধরনের অনুষ্ঠান ও উৎসব। নিজেদের পাশাপাশি তাই বাড়ির ছোট ছেলেটির জন্যও চাই পরিপূর্ণ সাজ। কোনো কোনো অনুষ্ঠানে বড়রা তো স্যুট পরেই, ছোটরাই বা বাদ যাবে কেন? তারাও তো হয়ে উঠতে পারে ছোট্ট সাহেব!
শীত কাটানোর পাশাপাশি শিশুকে দেখতেও লাগবে ফরমাল। ইনফিনিটির জ্যেষ্ঠ ডিজাইনার ও প্রডাক্ট ডেভেলপার ইমন আহমেদ জানান, শিশুরা সাধারণত বেশি আঁটসাঁট পোশাক পছন্দ করে না। তাই, তাদের জন্য স্যুট তৈরির ক্ষেত্রে এদিকটা মাথায় রেখেই ডিজাইন করতে হয়। কাপড় থেকে শুরু করে কাটিং, সেলাই—সবদিক থাকা চাই শিশুদের জন্য আরামের। যেকোনো অনুষ্ঠানে এই সময়ে তাই শিশুদের পরাতে পারেন ফরমাল পোশাক।

কেনার আগে দেখা চাই
শিশুদের জন্য ফরমাল স্যুট কেনা বা তৈরির আগে কিছু বিষয় দেখে নেওয়ার পরামর্শ দিলেন ডিজাইনার ও দরজিরা। যে কাপড়ে স্যুট তৈরি করা হবে, সেটা বেশি ভারী কি না দেখে নিন। তা ছাড়া সেলাই ঠিকমতো না হলে স্যুটের পেছনের অংশের মোটা সুতা শিশুর অস্বস্তির কারণ হতে পারে। কোনো অনুষ্ঠানে এসব পোশাক যেহেতু অনেকটা সময় পরে থাকতে হবে, তাই শিশুর যেন অস্বস্তি না হয়, সেভাবে বানাতে হবে। কেনার আগে সেলাইটা ভালো করে পরখ করা উচিত। বেশি আঁটসাঁট হলে সেটা শিশুদের চলাফেরাকে বাধাগ্রস্ত করবে, তাই যতটা সম্ভব ঢিলা রাখুন। ভেতরে পরা শার্ট বা প্যান্টের সঙ্গে ওপরের কোটটি মানাচ্ছে কি না দেখে নিন। স্যুটটি যদি কালো হয়, তাহলে সাদা বা লাল শার্ট ভেতরে পরাতে পারেন। এ ছাড়া স্যুট হালকা বাদামি বা ঘিয়ে রং হলে ভেতরের শার্ট হিসেবে নীল বা হালকা রং পরাতে পারেন। এগুলোর সঙ্গে মিলিয়ে বেছে নিন টাই। আর প্যান্ট সাধারণত কোটের রঙেই হয়ে থাকে।

মডেল: আইমান, তাওসিফ, আরিক, রিহাল ও তাহমিদ। ছবি: সৈকত ভদ্র
মডেল: আইমান, তাওসিফ, আরিক, রিহাল ও তাহমিদ। ছবি: সৈকত ভদ্র


কিনতে চাইলে

দরজিবাড়িতে ফরমায়েশ দিয়ে বানাতে পারেন শিশুর জন্য স্যুট। তবে যাঁরা সাধারণত শিশুদের এসব পোশাক বানাতে অভ্যস্ত নন, সেখানে না বানানোই ভালো। বাইরে থেকে নিজে কাপড় কিনে এনে দরজির দোকানে বানিয়ে নিতে পারেন। নিজেদের কোনো ডিজাইন থাকলে সেটাও জানিয়ে দিলে তাঁরা সেভাবে তৈরি করে দেবেন। দোকানের বোতাম পছন্দ না হলেও নিজেরা বোতাম এনে দিতে পারেন।
এ ছাড়া বিভিন্ন তৈরি পোশাকের দোকানে গিয়ে শিশুদের স্যুট কিনতে পারেন। ফরমাল স্যুটের পাশাপাশিব্লেজারও পাবেন শিশুদের জন্য। সাধারণত তিন বছর বয়স থেকে স্যুট পাওয়া যায়। তৈরি স্যুট কেনার আগে শিশুকে পরিয়ে দেখতে পারেন। ফ্যাশন হাউস ইনফিনিটি, ওয়েস্টেকস, বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন দোকানে পাবেন শিশুদের স্যুট।
এ ছাড়া এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, মিরপুর, রমনা ভবন, মালিবাগ, পান্থপথ, মতিঝিলের বিভিন্ন দরজির দোকানে বানাতে পারেন শিশুদের স্যুট। ফ্যাশন হাউস ওটুতে ফরমায়েশ দিয়ে বানানো যাবে শিশুদের স্যুট।

দরদাম

শুধু স্যুট বানাতে চাইলে খরচ পড়বে ৪০০০ থেকে ১০,০০০ টাকা। এ ছাড়া কমপ্লিট ড্রেস বানাতে চাইলে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা লাগবে। তবে বানানোটা কিনতে চাইলে দাম পড়বে কিছুটা কম। ৩,৫০০ টাকা থেকে শুরু করে ৬,০০০ টাকায় কেনা যাবে বিভিন্ন ফ্যাশন হাউসের স্যুট।