যেন যন্ত্র তৈরির মহাযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রের প্রতি ভালোবাসা আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের ছাত্র দেওয়ান জহিরুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের ছাত্র শিহাব উদ্দিন আহমেদ ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র মশিউর বিন মালেককে এক জায়গায় নিয়ে এসেছে। সামরিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে লাগবে এমন একটি রোবট তৈরির চেষ্টা করছেন তাঁরা। দূরনিয়ন্ত্রিত এ যন্ত্র শত্রুর ডেরায় যাবে, সঙ্গে লাগানো ক্যামেরায় ভেতরের ছবি সরাসরি মনিটরে দেখা যাবে দূরে বসেই।
এ রকম অন্তত ১৫টি সম্ভাবনাময় প্রকল্প তৈরির চেষ্টা চলছে ধানমন্ডি ২৭ নম্বর (পুরোনো) সড়কের ইএমকে সেন্টারে। এখানে মঙ্গলবার থেকে শুরু হয়েছে যন্ত্র তৈরির প্রতিযোগিতা ‘মেক-অ্যা-থন’। এর আয়োজক বেসিস ও বেটার স্টোরিজ লিমিটেড। প্রতিযোগিতা শেষ হবে আজ।
গতকাল বৃহস্পতিবার প্রতিযোগিতায় গিয়ে দেখা গেল বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প তৈরিতে ব্যস্ত তরুণেরা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একদল শিক্ষার্থী রেস্টুরেন্টে কাজে লাগানো যাবে এমন একটি রোবট তৈরির চেষ্টা চালাচ্ছেন। দলপতি মাহাজুরুল করিম জানালেন, ‘আমাদের প্রকল্পটি যদি সফল হয় তবে বিভিন্ন রেস্তোরাঁয় আসা গ্রাহকদের কাছ থেকে রোবট নিজেই অর্ডার নেবে, খাবার সরবরাহ করবে নিজেই।’
বেটার স্টোরিজ লিমিটেডের পরিচালক মিনহাজ আনোয়ার বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখতে জানে, তাদের সম্ভাবনা আছে, মেধা আছে, সৃজনশীলতা আছে, দরকার শুধু দিকনির্দেশনার।’ প্রকল্পগুলো যেন অঙ্কুরে নষ্ট না হয়ে যায়, সে জন্য তাদের উদ্ভাবনগুলোর ব্যবসায়িক সাফল্য অর্জনে এক বছর পর্যন্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাবে তাঁর প্রতিষ্ঠানটি।