
ব্রাজিলের পাগলা সমর্থক আমি। এই সমর্থন কিন্তু আর দশজনের মতো জন্মসূত্রে পাইনি। ২০০২ সালে বিশ্বকাপ ফাইনালের দিনে একটা ঘটনাকেই এর জন্য দায়ী করা যায়। তখন খুব ছোট ছিলাম। বয়স আট কি নয় হবে। সবাই মিলে টিভিতে খেলা দেখতে বসেছি। তখনো যেহেতু কোনো দলেরই সমর্থক ছিলাম না, তাই খেলা দেখতে দেখতে মোবাইলে গেমস খেলছিলাম। কী কারণে যেন সুমন নামের এক বড় ভাইয়ের সঙ্গে হঠাৎ ঝগড়া বাধল। তুমুল ঝগড়া! আশপাশের মানুষ বিরক্ত হয়ে ঝগড়া থামিয়ে দিলেও রাগে ফুঁসছিলাম আমি। ভাবছিলাম, কী করে পরাস্ত করা যায় সুমন ভাইকে। উনি আর্জেন্টিনার সমর্থক হিসেবে সেদিন জার্মানির পক্ষ নিয়েছিলেন। তার বিরোধিতা তো আমাকে করতেই হয়! ব্যস, বনে গেলাম ব্রাজিলের ফ্যান। হলুদ জার্সিধারীদের পায়ে বল এলেই চেঁচাতে লাগলাম তারস্বরে। খেলা শেষে কী যে আনন্দ হয়েছিল আমার! যতটা না ব্রাজিলের জয়ের, তার চেয়ে বেশি সুমন ভাইয়ের আক্ষেপ দেখে। সেদিন খুব খেপিয়েছিলাম তাঁকে। আজও ব্রাজিলের যেকোনো জয়ে আমার আশপাশের আর্জেন্টিনার সমর্থকদের অতিষ্ঠ করে ফেলি।
দেওয়ান তাহমিদ
আশুলিয়া, ঢাকা