যেভাবে বদলাতে পারে দেশের তথ্য-প্রযুক্তি খাত

পাঁচটি সময় উপযোগী নীতিনির্ধারণী কৌশল দিয়ে এগোলে দেশের তথ্যপ্রযুক্তি খাত আরও এগিয়ে যাবে বলে মনে করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান। তাঁর মতে, তথ্য-প্রযুক্তি বদলানো এই পলিসিগুলোর মধ্যে রয়েছে পাবলিক প্রকিউরমেন্টে দেশি কোম্পানির অংশগ্রহণ নিশ্চিতকরণ, আইটি খাতের ট্যাক্স রহিতকরণ সময়সীমা বাড়ানো, ই-কমার্স ভিত্তিক পণ্য ও সেবা লেনদেন ভ্যাটের আওতামুক্ত রাখা, ভেঞ্চার ক্যাপিটাল পলিসি দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করা, শেয়ার মার্কেটে তথা আইপিওতে আইটি কোম্পানির অংশগ্রহণ। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি বিষয়ক আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ ও ‘বেসিস সফটএক্সপো ২০১৫’ এর আয়োজনে এই পাঁচটি বিষয়ে জোর দেওয়া হয়েছিল।
শামীম আহসান জানান, বর্তমানে দেশের অনেকগুলো প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পণ্য ও সেবা বিদেশে সফলভাবে রপ্তানি হচ্ছে। তুলনামূলক কম বাজেটে ভালো কাজ করিয়ে নিতে পারার কারণে বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তির প্রতি আগ্রহী হচ্ছে। এ বিষয়ে আমাদের আইন ও নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। এর ফলে আমরা প্রতিবছর কয়েক’শ মিলিয়ন ডলারের সফটওয়্যার আমদানি না করে স্থানীয় সফটওয়্যার ব্যবহার করতে পারব ও আরও শক্তিশালী আইসিটি ইন্ডাস্ট্রি তৈরি করতে পারব। এ ছাড়া দেশের দ্রুত বিকাশমান তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল করতে এ খাতের অন্যতম প্রণোদনা হিসেবে আয়কর অব্যাহতির সময়সীমা বর্ধিতকরণ জরুরি।
শামীম আহসান ই-কমার্স প্রসঙ্গে বলেন, বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে বাংলাদেশে দ্রুত এগিয়ে যাচ্ছে অনলাইনে কেনাকাটা বা ই-কমার্স। ই-কমার্সের দ্রুত বিস্তারের জন্য কিছু মূসক অব্যাহতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগ আনার জন্য সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি নিয়ে বেসিস অনেক দিন ধরেই বিভিন্ন দেশে সেমিনার, বৈঠক আয়োজন করছে। বর্তমানে সুইজারল্যান্ডের ইনভেস্টমেন্ট এবি কিনেভিক, নরওয়ের এসএনটি ক্লাসিফায়েডস, রকেট ইন্টারনেট, সিকসহ বিশ্বের বিভিন্ন কোম্পানি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে। এই বিনিয়োগ বাড়তে ভেঞ্চার ক্যাপিটাল পলিসিসহ বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।
নীতিনির্ধারণ প্রসঙ্গে বেসিসেসর সভাপতি আরও বলেন, আইপিওতে দেশের আইসিটি কোম্পানিগুলো যাতে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে জোর দিতে হবে। স্বল্প পুঁজি নিয়েই যাতে আইসিটি কোম্পানিগুলো আইপিওতে অংশ নিয়ে তাদের ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
বেসিসের বর্তমান কার্যক্রম সম্পর্কে শামীম আহসান বলেন, এবারের ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ ও বেসিস সফটএক্সপো ২০১৫ কে কেন্দ্র করে যে ৫টি পলিসি বা নীতি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বেসিস কাজ করছে। এখন বাস্তবায়নের দিকে যাচ্ছে এগুলো। এই পাঁচটি নীতি বাস্তবায়ন করা সম্ভব হলে বদলে যাবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত।