যেভাবে বুঝবেন শীত আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: সাদমান মুনতাসির
আঁকা: সাদমান মুনতাসির

* এনার্জি ড্রিংকস আর কোল্ড ড্রিংকসের বোতল দেখানোর বদলে পত্রিকা আর টিভিতে ঘন ঘন মানুষের ঠোঁট, গাল আর কনুইয়ের ছবি দেখানো হলে বুঝে নেবেন শীত আসছে!
* টিউবওয়েলের পানি কুসুম কুসুম গরম অনুভূত হলে শীতকে স্বাগত জানান!
* অধূমপায়ীদের মুখ দিয়ে ভোর আর সন্ধ্যায় ধোঁয়া বের হতে দেখে তাদের পেটে আগুন লেগেছে ভেবে দমকল বাহিনীকে না ডেকে বুঝে নিন শীত আসছে!
* ফুটপাতের ফুচকা-চটপটির টংগুলোকে হুট করে ভাপা আর চিতই পিঠার দোকান হয়ে যেতে দেখলে নিশ্চিত হতে পারেন শীত গুটি গুটি পায়ে এগিয়ে আসছে!
* সূর্যের আলোও যদি চাঁদের আলোর মতো মনকাড়া লাগে, তাহলে ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে’ না গেয়ে শীতের জন্য প্রস্তুতি নিন!
* পরিচিত কোনো পকেটমারকে যদি প্রায়ই মন খারাপ করে বসে থাকতে দেখেন, বুঝে নেবেন তার রুটিরুজির বারোটা বাজতে আসছে বেরসিক শীত!
* রাস্তার পাশের বড় বড় বিলবোর্ডে হালকা পোশাকের মডেলদের গায়ে হঠাৎ করে পানির ট্যাংকের মতো কয়েক স্তরবিশিষ্ট পোশাক দেখলেই ধরে নিন শীত দরজায় নক করছে!

* বিটিভিতে যদি ঘন ঘন ‘অতিথি’ কথাটা প্রচার করতে শোনেন, তাহলে ধরে নিন শীত এল বলে!

* বিরোধী দলের হরতাল-অবরোধ ছাড়াও রাস্তার আশপাশে ভোরে কিংবা সন্ধ্যায় আগুন জ্বলতে দেখলে বুঝে নেবেন শীত ঝাঁপিয়ে পড়ছে!

* নিজের শরীরে নখ দিয়ে আঁচড় কাটলেই যদি ছবি আঁকা হয়ে যায়, তো চিত্রশিল্পী হয়ে গেছেন ভেবে আনন্দিত হওয়ার কিছু নেই! শীত আসছে!

* হঠাৎ করে যখন খেয়াল করবেন যে গতকাল গোসল করা তো দূরে থাক, গোসল করার কথাটাই মনে ছিল না, তখন বুঝে নেবেন শীত তার অস্তিত্বের জানান দিচ্ছে!

* এলাকার উঠতি বয়সীদের টি-শার্টের ওপর বোতাম খুলে শার্ট পরতে দেখলে আপনিও ওদের ফলো করুন। শীত আসছে!