যেমন হলো ক্রিয়েটিভ কমন্সের সম্মেলন

‘দেশের সরকার যখন কোনো সৃজনশীল বা গবেষণা প্রকল্প বা কার্যক্রমের জন্য অনুদান দেয়, সেটি অবশ্যই মুক্ত লাইসেন্সে প্রকাশ করা উচিত।’ এই দাবি নিয়ে বিশ্বের প্রায় সব সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে ক্রিয়েটিভ কমন্স। মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশিত হলেই কেবল প্রকল্প বা গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল জানা এবং ব্যবহার নিশ্চিত করা যাবে। সৃজনশীল উদ্ভাবন, তথ্য ও জ্ঞান সবার ব্যবহার, প্রকাশ, পুনঃ প্রকাশের জন্য আইনগত সমর্থন দিয়ে থাকে ক্রিয়েটিভ কমন্স। পাশাপাশি সৃষ্টিশীল কাজ প্রকাশের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
ক্রিয়েটিভ কমন্সের কার্যক্রম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ, আরব প্রভৃতি এলাকার ভিত্তিতে পরিকল্পনা করা হয়ে থাকে। ক্রিয়েটিভ কমন্স অ্যাফিলিয়েট নেটওয়ার্কে প্রায় ৯০টি দেশ যুক্ত আছে। মূল কার্যক্রমের পাশাপাশি এর সহযোগী সব প্রতিষ্ঠানই তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা করতে পারে।
চলতি মাসের প্রথম সপ্তাহে চীনের বেইজিং শহরে আয়োজন করা হয়েছিল ক্রিয়েটিভ কমন্স এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সম্মেলন ২০১৬। বেইজিং শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে ন্যাশনাল জাজ ইনস্টিটিউট ছিল অনুষ্ঠানের স্থান। এই অঞ্চলের বর্তমান কার্যক্রম, সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ এবং সামগ্রিক অগ্রগতি পর্যালোচনার জন্যই মূলত এই আয়োজন। ক্রিয়েটিভ কমন্স চীন (মেইনল্যান্ড) এই সম্মেলনের প্রধান আয়োজক।
সাধারণ সম্মেলনের থেকে এটি কিছুটা আলাদাভাবে আয়োজন করা হয়েছে। দুই দিনের এই সম্মেলনের প্রথম দিন এশিয়া প্যাসেফিক অঞ্চল থেকে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা তাঁদের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো উপস্থাপন করেন। একেকটি দেশে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স প্রসারের ক্ষেত্রে যেসব সমস্যা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল সেটি জানা এবং অন্যান্য দেশের ক্ষেত্রে সেগুলো কীভাবে সমাধান করা যায় বা এড়িয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
এবারের সম্মেলনে এশিয়া প্যাসেফিক অঞ্চলের ১০টি দেশ থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন (মেইনম্যান্ড), হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, মঙ্গলিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান। ক্রিয়েটিভ কমন্স বাংলাদেশ লিড হিসেবে এই প্রতিবেদক সম্মেলনে অংশ নেন। ক্রিয়েটিভ কমন্সের কার্যক্রম সম্পর্কে জানা এবং অংশগ্রহণের জন্য বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের মূল ওয়েবসাইট https://creativecommons.org থেকে।