যেসব কারণে আজকাল ব্রেক আপ হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

ফেসবুকে প্রেমিকার ছবিতে কমেন্ট করল এক ছেলে, ‘ওয়াও! তোমাকে সুন্দর লাগছে!’ প্রেমিকা ওই কমেন্ট লাইক করল। কেন লাইক করল, প্রেমিক গেল খেপে! অতঃপর...ব্রেক আপ!
প্রেমিকার বাড়ি সিলেট, প্রেমিকের বাড়ি কুমিল্লা। দেড় বছরের চমৎকার সম্পর্ক তাদের। বাংলাদেশে শুরু হলো বিপিএলের তৃতীয় আসর। অতঃপর...ব্রেক আপ!
আগের রাতে দেখা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ফাইনাল খেলা নিয়ে প্রেমিক কথা বলছিল প্রেমিকার সঙ্গে। প্রেমিক বার্সার সমর্থক। প্রেমিকা বলল, ‘রোনাল্ডো যে কী কিউট!’ অতঃপর...ব্রেক আপ!
প্রেমিক-প্রেমিকা একসঙ্গে মামুন ভাইয়ের টঙের দোকানে চা খাচ্ছিল। চা খাওয়ার সময় প্রেমিক ‘সুড়ুৎ’-টাইপের একটা শব্দ করল। প্রেমিকার পছন্দ হলো না সেটা। অতঃপর...ব্রেক আপ!
প্রেমিক-প্রেমিকা ডেটে গেল। ভরপেট বিরিয়ানি খাওয়ার পর প্রেমিক হাঁ করে টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে শুরু করল। প্রেমিকার প্রেস্টিজ গেল পাংচার হয়ে। অতঃপর...ব্রেক আপ!

প্রেমিকা খুব সুন্দর করে সেজেগুজে এল। কমলা রঙের শাড়ির সঙ্গে কপালে পরেছে কমলা টিপ। প্রেমিককে জিজ্ঞেস করল, ‘বলো তো, আমার টিপের রং কী?’ প্রেমিক বলল, ‘কেন, হলুদ!’ অতঃপর...ব্রেক আপ!

প্রেমিক প্রেমিকাকে নিয়ে গেল ‘জেমস বন্ড’ সিরিজের স্পেকটর সিনেমা দেখতে। সিনেমা দেখার পর প্রেমিক জিজ্ঞেস করল, ‘বেবি, সিনেমা কেমন লাগল?’ প্রেমিকার চোখে রোমাঞ্চ, ‘ডেনিয়েল ক্রেইগ অনেক জোশ!’ অতঃপর...ব্রেক আপ!