যেসব ফোনে দ্রুত চার্জ হয়

মুঠোফোনের চার্জছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের ফাঁকে কিছুক্ষণ পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারেন অনেকে। চেনা–অচেনা মানুষের পোস্ট পড়ার পাশাপাশি ভিডিওও দেখেন তাঁরা। এতে মুঠোফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। ফলে প্রয়োজনের সময় মুঠোফোন ব্যবহারে বেশ সমস্যা হয়। ব্যবহারকারীদের এ সমস্যা দূর করতে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি দ্রুত চার্জ (ফাস্ট চার্জিং) প্রযুক্তির মুঠোফোনে তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠান। ফাস্ট চার্জিং প্রযুক্তির বেশ কিছু মুঠোফোন পাওয়া যায় দেশে। চলুন দেখে নিই দেশের বাজারে থাকা ফাস্ট চার্জিং স্মার্টফোনগুলো—

স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা

স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা মডেলের ৫ হাজার এমএএইচ (মিলিঅ্যাম্পিয়ার আওয়ার) ব্যাটারি সুবিধার মুঠোফোনটিতে আছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাংয়ের দাবি, মাত্র ৩০ মিনিটেই মুঠোফোনটির ৫০ শতাংশ চার্জ করা যাবে। ৬.৮ ইঞ্চি অ্যামোলেড পর্দার ৫জি সুবিধার মুঠোফোনটিতে আছে ১০৮, ১০, ১০ ও ১২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। সামনে আছে ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এক্সিনস ২১০০ প্রসেসরে চলা মুঠোফোনটির দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা।

শাওমি ইলেভেনটি প্রো

শাওমি ইলেভেন–টি প্রো মডেলের মুঠোফোনটিতে ব্যবহার করা হয়েছ ১২০ ওয়াটের শাওমি হাইপারচার্জ প্রযুক্তি। মাত্র ১৭ মিনিটে পুরো চার্জ হতে সক্ষম মুঠোফোনটিতে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি, ফলে বেশি সময় ব্যাকআপ সুবিধাও মিলে থাকে। এটিই বর্তমানে দেশের সবচেয়ে দ্রুত চার্জ হওয়া মুঠোফোন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরে চলা ৬.৬৭ ইঞ্চি পর্দার মুঠোফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ১০৮, ৮ ও ৫ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা আছে পেছনে। ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার মুঠোফোনটির দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। শাওমি ইলেভেন-টি প্রো ছাড়াও শাওমির ইলেভেন-টি মডেলের মুঠোফোনও দ্রুত চাজ করা যায়।

রিয়েলমি জিটি নিও২

৫ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধার রিয়েলমি জিটি নিও২ মডেলের মুঠোফোনটি পুরো চার্জ হতে সময় নেয় মাত্র ৩৬ মিনিট। ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিং প্রযুক্তির মুঠোফোনটি একবার পুরো চার্জ করলে টানা ৩৩ ঘণ্টা কথা বলা যায়। চাইলে টানা ৮৮ ঘণ্টা গান শোনা, ২৪ ঘণ্টা ভিডিও দেখা বা ৮ ঘণ্টা গেম খেলা যাবে। ৬.৬২ ইঞ্চি পর্দার মুঠোফোনটির পেছনে রয়েছে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মুঠোফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভ–জি প্রসেসর। ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার মুঠোফোনটির দাম ৩৯ হাজার ৯৯০ টাকা।

অপো রেনো ৬

৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির অপো রেনো ৬ মডেলের মুঠোফোনটি পুরো চার্জ হতে সময় লাগে মাত্র ৪৮ মিনিট। ৪৩০০ এমএএইচ ব্যাটারির মুঠোফোনটিতে সুপার পাওয়ার সেভিং মোড সুবিধা থাকায় মাত্র ৫ শতাংশ চার্জ থাকলেও কাজ করা যায়। ৬.৪৩ ইঞ্চি পর্দার মুঠোফোনটিতে আছে ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধার মুঠোফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের এমটি৬৮৭৭ ডাইমেনসিটির ৯০০ ফাইভ–জি প্রসেসর। ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট রম সুবিধার মুঠোফোনটির দাম ৩২ হাজার ৯৯০ টাকা।

ভিভো এক্স৭০প্রো ৫জি

কিছুদিন আগেই এক্স৭০প্রো ৫জি মডেলের ফাস্ট চার্জিং সুবিধার নতুন মুঠোফোন দেশে এনেছে ভিভো। ৪৪৫০ এমএএইচ ব্যাটারি সুবিধার মুঠোফোনটি পুরো চার্জ হতে সময় লাগে মাত্র ৩০ মিনিট।

৬.৫৬ ইঞ্চি থ্রিডি কার্ভড পর্দার মুঠোফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা সেন্সিং গিম্বল ক্যামেরা। সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধার মুঠোফোনটির দাম ৭২ হাজার ৯৯০ টাকা।

ওয়ানপ্লাস নর্ড ২

ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোন আনতে পিছিয়ে নেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটি সম্প্রতি বাজারে এনেছে তাদের ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ওয়ানপ্লাস নর্ড ২। প্রতিষ্ঠানটির দাবি, মাত্র ৩০ মিনিটের মধ্যে মুঠোফোনটির ব্যাটারি ১ থেকে ১০০ শতাংশ চার্জ করা যাবে। সাড়ে ৪ হাজার এমএএইচ ব্যাটারির ফাইভ–জি সুবিধার মুঠোফোনটিতে পেছনে আছে ৫০, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। ৬.৪৩ ইঞ্চি পর্দার মুঠোফোনটির সামনে আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অক্টাকোরের মিডিয়াটেক এমটি ৬৮৯৩ ডাইমেনসিটির ১২০০ প্রসেসরে চলা মুঠোফোনটিতে দুটি সিম ব্যবহার করা যায়। দাম ৩৭ হাজার ৫০০ টাকা।