যোগাযোগে লক্ষ্মী

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুলে দিয়েছে নতুন দিগন্ত। আর ভার্চুয়াল যোগাযোগের সে দুনিয়ায় হু হু করে বেড়ে চলেছে বাংলাদেশি ব্যবহারকারী। আবার নিজেদের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তৈরি করে নেওয়ার ব্যাপারেও বসে নেই বাংলাদেশের প্রোগ্রামাররা। এর নতুন সংযোজন লক্ষ্মী (lokkhi.io)।
যোগাযোগের নতুন এই সাইটে লিখে লিখে (টেক্সট) ও ভিডিওতে চ্যাট করার সুবিধা তো থাকছেই, রয়েছে ফাইল আদান-প্রদানের সুবিধাও। সঙ্গে যু্ক্ত আছে লেখা সম্পাদনা, আঁকিবুঁকি করা কিংবা গান শোনা, ভিডিও দেখার মতো ব্যবস্থা। তবে এ ওয়েবসাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাৎক্ষণিকতা। অন্য সাইটগুলোর মতো এখানে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে সাইন-আপ করার প্রয়োজন হবে না। যতবার কাজ করতে হয়, ততবারই নতুন করে প্রবেশ করতে হবে।
লক্ষ্মীর নির্মাতাপ্রতিষ্ঠান র্যাশনাল টেকনোলজিসের প্রধান পরিচালন কর্মকর্তা তাসফিন দেলোয়ার জানান, ‘আমরা নিরাপত্তার বিষয়টিতে সবচেয়ে গুরুত্ব দিয়েছি। তাই ব্যবহারকারীর কোনো তথ্য আমরা সংরক্ষণ করছি না।’ জানা গেল, এটি তৈরি করা হয়েছে দেশে ও বিদেশে থাকা বাংলাদেশিদের কথা বিবেচনা করেই। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ছাড়াও ট্যাবলেট বা স্মার্টফোন থেকে লক্ষ্মী ব্যবহার করা যাবে।
ওয়েবসাইটটি বানানোর দায়িত্বে ছিল তাসফিন দেলোয়ার ও আতাউল মুকিতের নেতৃত্বে একটি দল। তাঁদের দুই বছরের পরিশ্রমে লক্ষ্মী ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত জুন মাসে ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ মেলায়।
র্যাশনাল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সাকিব চৌধুরী বলেন, ‘এই সাইটটি বিশেষ করে অনলাইন যোগাযোগ ও দূরশিক্ষণের ক্ষেত্রে অপার সম্ভাবনা তৈরি করেছে। একজন শিক্ষক দূরপ্রান্ত থেকে শিক্ষা দিচ্ছেন গ্রামের একাধিক শিক্ষার্থীকে, কাছে না থেকেও কোনো চিকিৎসক দেখছেন কোনো রোগীকে—আমরা এসব সুবিধাই বিস্তারের চেষ্টা করছি।’
যেভাবে ব্যবহার করতে হবে
মূল মেন্যুতে যেতে পার হতে হবে দুটি ধাপ। প্রথম ধাপে, ন্যূনতম তিন শব্দের নাম দিয়ে প্রবেশ করতে হবে। নির্দেশনায় ‘ক্রিয়েট ওন স্টেজ’ দেখালে বোঝা যাবে নামটি আগে ব্যবহৃত হয়নি। সেখানে ক্লিক করে দ্বিতীয় ধাপে গিয়ে ছবি ও পুরো নাম লিখে ‘এন্টার স্টেজ’ অপশনে ক্লিক করে প্রবেশ করতে হবে মূল মেন্যুতে।
কাঙ্ক্ষিত ব্যক্তিকে যোগ করা যায় দুভাবে। ব্যবহারকারীর লিংকে গিয়ে অথবা প্রথম ধাপে ব্যবহৃত নাম দিয়ে। সে ক্ষেত্রে মূল মেন্যুর বাঁ পাশে ওপরে ‘ইনভাইট প্লেয়ারস’ নামে অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন আপনার ব্যবহারকারী লিংক। সেটা আপনার প্রত্যাশিত ব্যক্তিকে জানিয়ে দিতে হবে মেইল, ফেসবুক, টুইটার কিংবা লিংকড-ইনের মাধ্যমে। ওই লিংকে ক্লিক করে নির্দেশনা অনুসরণ করলেই যুক্ত হয়ে যাবেন দুই ব্যবহারকারী।