যোগফল কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতে একটি মজার সমস্যার সহজ সমাধান দেখুন। ১২ থেকে ১৮–এর মধ্যে শুধু একটি সংখ্যাই আছে, যা ক্রমিক কয়েকটি সংখ্যার যোগফল নয়। সংখ্যাটি কত? এর সমাধানের জন্য আমরা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি গ্রহণ করব। ১২ থেকে ১৮ পর্যন্ত ৭টি সংখ্যা বিশ্লেষণ করে দেখব, এদের মধ্যে এমন কোনো সংখ্যা আছে কি না, যা কয়েকটি ক্রমিক সংখ্যার যোগফল নয়। হিসাব করে দেখা যাক। সংখ্যাটি যদি বিজোড় হয়, তাহলে সেটা তার অর্ধেকের আগে-পরের পূর্ণ দুটি সংখ্যার যোগফল হতে পারে। যেমন: ১৩ = (৬ + ৭)। ১৫ = (৭ + ৮)। ১৭ = (৮ + ৯)। অবশ্য কয়েকটি বিজোড় সংখ্যা ২–এর বেশি ক্রমিক সংখ্যার যোগফলও হতে পারে। যেমন: ১৫ = (৪ + ৫ + ৬) অথবা ১৫ = (১ + ২ + ৩ + ৪ + ৫)। অন্য সংখ্যাগুলোকে আমরা এভাবে সাজাতে পারি: ১২ = (৩ + ৪ + ৫)। ১৪ = (২ + ৩ + ৪ + ৫)। ১৮ = (৫ + ৬ + ৭) = (৩ + ৪ + ৫ + ৬)। কিন্তু ১৬ সংখ্যাটিকে আমরা কোনোভাবেই কয়েকটি ক্রমিক সংখ্যার যোগফল হিসাবে সাজাতে পারি না। তাই উত্তর ১৬।

গণিতের আরেকটি প্রশ্ন দেখুন। আমরা তো সব সময় শূন্য (০) ব্যবহার করি এবং বলি এর কোনো সংখ্যাগত মান নেই। শব্দের অর্থও তাই। শূন্য মানে কোনো দাম নেই। যখন বলি কোনো ব্যক্তির সহায়সম্বল শূন্য, তার অর্থ হলো তিনি নিঃস্ব। কিন্তু প্রকৃতপক্ষে ০-এর মান আছে। যেমন: ১–এর পর ০ বসলে তার মান ১০ হয়। ১–এর পর যত বেশি ০ বসাব, সংখ্যাগত মান তত বাড়বে। যেমন: (২.৩৪ × ১০২৭) একটি বিশাল সংখ্যা। সুতরাং ০-এরও মূল্য আছে।

এ সপ্তাহের ধাঁধা
ক্যালকুলেটর ব্যবহার না করে বলুন তো (১৮ + ৩৬ + ৫৪ + ৭২ + ৯০ + ১০৮ + ১২৬ + ১৪৪ + ১৬২ + ১৮০) = কত?
খুব সহজ। অনলাইনে মন্তব্য আকারে অথবা [email protected] ই-মেইলে আপনাদের উত্তর পাঠিয়ে দিন। সঠিক উত্তর দেখুন আগামী রোববার অনলাইনে।

গত সপ্তাহের ধাঁধার উত্তর
ধাঁধাটি ছিল এ রকম: একটি সংখ্যার এক-তৃতীয়াংশ (১/৩ অংশ) যদি দ্বিতীয় একটি সংখ্যার এক-ষষ্ঠাংশের (১/৬ অংশ) সমান হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত গুণ?

উত্তর
দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ।

কীভাবে উত্তর বের করলাম
মনে করি প্রথম সংখ্যাটি = (৩ক)। তাহলে এর (১/৩ অংশ) = ‘ক’। আবার, প্রদত্ত শর্ত অনুযায়ী এই ক-এর মান খ-এর (১/৬ অংশ)। মানে, ক = (খ × ১/৬)। অর্থাৎ খ = ৬ক। এই সমীকরণ থেকে পাই, খ = ৬ক = ২×(৩ক) = প্রথম সংখ্যার দ্বিগুণ।

আব্দুল কাইয়ুম, সম্পাদক, মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা