যোগ্য নেতৃত্বের সংকটে উবার
বড় বড় কিছু পদে যোগ্য লোকের অভাবে প্রতিষ্ঠান পরিচালনায় হিমশিম খাচ্ছে অ্যাপভিত্তিক ট্যাক্সিক্যাব সেবা উবার। মূলত অদক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কর্মক্ষেত্রে যৌন হয়রানিতে জড়িত থাকার কথা তদন্তে উঠে আসার পর সম্প্রতি প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন উবারের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এমিল মাইকেল। তিনি উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রাভিস কালানিকের ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। মাইকেলই প্রতিষ্ঠানটি ছেড়ে যাওয়া নির্বাহী পর্যায়ের প্রথম কোনো কর্মকর্তা। তবে সম্ভবত তিনিই সর্বশেষ নন।
কারণ, গত সপ্তাহে উবারের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে। এতে সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারকে দিয়ে একটি তদন্ত পরিচালনা করার কথা বলা হয়েছে। এই তদন্তের আওতায় পড়বেন উবারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং বোর্ড সদস্যের একজন শীর্ষ কর্মকর্তাসহ অনেকেই।
গত মাসে মায়ের মৃত্যু এবং বোট দুর্ঘটনায় বাবা গুরুতর আঘাত পাওয়ার পর অফিসে কালানিকের অনুপস্থিতিকে ছুটি হিসেবে বিবেচনা করে উবার। যদিও সে সময় অনেককে বলতে শোনা গেছে, প্রতিষ্ঠান থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। উবারের নেতৃত্বের ভবিষ্যৎ এমন একটা অনিশ্চয়তায় পড়ল, যখন কিনা প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তাব্যক্তিদের পুরো প্যানেলই নড়বড়ে হয়ে গেছে। আর তাতে ফাটল ধরতে পারে যেকোনো সময়।
মাইকেল চলে যাওয়ার কিছুদিন আগেই জেমস চাকমাক নামের একজন বিশ্লেষক এক নোটে লিখেছিলেন, উবার বর্তমানে প্রধান নির্বাহী পরিচালন কর্মকর্তা, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা, প্রধান বিপণন কর্মকর্তাবিহীন এক প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে। শিগগিরই তারা তাদের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টকেও হারাতে যাচ্ছে। এরপর কে বাকি আছেন? শুধু সিইও, কালানিক। তিনি চলে গেলে তো নেতৃত্বশূন্য হয়ে যাবে প্রতিষ্ঠানটি। আর তখন হয়তো ১৪ হাজার কর্মী ও ১০ লাখেরও বেশি ড্রাইভারের সমন্বয়ে গঠিত ৬ হাজার ৮০০ কোটি ডলারের স্টার্টআপ উবারের হাল ধরার মতো কেউ থাকবেন না।
মোখলেছুর রহমান, সূত্র: সিএনএন