
অংশ-২
প্রিয় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমরা জান যে ২০১৩ সালে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেওয়া হবে। তোমাদের কাছে বিষয়টি নতুন। কিন্তু যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেখে ভয়ের কোনো কারণই নেই। যে বিষয়টি মনে রাখা প্রয়োজন তা হলো, প্রতিটি বিষয় গভীর মনোযোগ সহকারে বুঝে পড়া এবং যা পড়েছ তা তোমাদের মনে রাখা।
এবার দেখা যাক গতকালের অনুচ্ছেদের আলোকে কী ধরনের জ্ঞান স্তরের ওপর প্রণীত প্রশ্ন কী হতে পারে এবং তার উত্তর কীভাবে নির্বাচন করা যায়।
প্রশ্ন: ১. মুসা ইব্রাহীম কত তারিখে এভারেস্ট জয় করেন?
(ক) ১৯ মে ২০১২ (খ) ২৩ মে ২০১০
(গ) ২৩ মে ২০১২ (ঘ) ১৯ মে ২০১১
এখানে এই প্রশ্নটি জ্ঞান স্তরভিত্তিক। তোমরা এখন স্পষ্টতই বুঝতে পারছ যে এ প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদের অবশ্যই ‘হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা’ নামের প্রবন্ধটি ভালোভাবে পড়া থাকতে হবে এবং মুসা ইব্রাহীম কত তারিখে হিমালয় পর্বতের চূড়া জয় করেছিলেন তা নিজের স্মৃতিতে থাকতে হবে। কল্পনা বা অনুমান করে কোনো উত্তর লিখলে তা ভুল হবে।
‘হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা’ প্রবন্ধটি ভালোভাবে পড়া থাকলে খুব সহজেই সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে পারবে যে মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে হিমালয়ের শীর্ষ চূড়া এভারেস্ট জয় করেন।
অতএব, নিজের অর্জিত জ্ঞানের যথাযথ প্রয়োগ করে আমরা সঠিক উত্তরটি যে ‘খ’ হবে তা নির্বাচন করতে পারি। সুতরাং সঠিক উত্তরটি হবে: (খ) ২৩ মে ২০১০।
তাই পাঠ্য পুস্তক বেশি বেশি পড়ে এবং নিজের মেধাকে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে যোগ্যতাভিত্তিক প্রশ্নে ভালো নম্বর পাওয়া যায়।
যোগ্যতাভিত্তিক প্রশ্নে বাংলা বিষয়ে দুটি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে, যার পূর্ণমান থাকবে ৫ করে। নিচে তা আলোচনা করা হলো।
ক. এভারেস্টে ওঠার জন্য মুসা ইব্রাহীম কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন?
এ প্রশ্নের উত্তর লিখতে হলে প্রথমে তোমাদের স্মৃতিতে যে জ্ঞান আছে তা এবং অনুচ্ছেদটি পড়ার পরে তোমাদের ভেতর যে উপলব্ধি হয়েছে তার সংমিশ্রণ ঘটাতে হবে। জ্ঞান এবং অনুধাবনের সমন্বয় করে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখলে খুব ভালো নম্বর পাওয়া যায়। উত্তরটি এভাবে লিখতে পারো-
এভারেস্ট জয়ের প্রবল বাসনা এবং সাধনার মাধ্যমে মুসা ইব্রাহীম এভারেস্টে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ২০০৭ সালে মুসা ইব্রাহীম নর্থ আলপাইন ক্লাব নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। প্রতিষ্ঠানটির কাজ ছিল পাহাড়ে ওঠার খুঁটিনাটি বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ ও ছোটখাটো দু-একটি পাহাড়ে উঠে এভারেস্টে ওঠার প্রস্তুতি নিলেন। অভিযানের জন্য অর্থও প্রয়োজন। পারিবারিক সঞ্চয় ও দু-একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়ে এভারেস্টে ওঠার প্রস্তুতি সম্পন্ন করলেন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল