যৌতুক নিয়ে জিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটিতে যৌতুক শব্দটি নিয়ে যেন জিকর করা হয়েছে। বইটির ৬৮ পৃষ্ঠায় বাংলাদেশের সামাজিক সমস্যার বর্ণনা দিতে গিয়ে প্রায় সব লাইনে একবার যৌতুক শব্দটি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ক লেখাটিতে ৬৩ লাইন এবং ৭৫টি বাক্য রয়েছে। কিন্তু লেখাটির মধ্যে ৫৬ বার যৌতুক শব্দ ব্যবহার করা হয়েছে।
বইটির রচয়িতা এবং সম্পাদক হিসেবে ১৬ জন শিক্ষক ও লেখকের নাম রয়েছে। শিক্ষকেরা প্রশ্ন করেছেন, এসব লেখক ও সম্পাদক মনোযোগ দিয়ে পড়লে একই শব্দ একটি লেখায় এতবার থাকার কথা নয়।

অর্থহীন শব্দার্থ
পঞ্চম শ্রেণীর বাংলা বইটির ২১ পৃষ্ঠায় ‘গন্ডদেশ’ অর্থ বধির, বোবা, ‘শুক্লাদ্বাদশী’ অর্থ চাঁদের দ্বিতীয় দিন লেখা হয়েছে। এর কোনোটাই সঠিক শব্দার্থ নয়। আবার ২৯ পৃষ্ঠায় ‘স্বভাবকৌতূহলী দ্বারলগ্নকর্ণ’ অর্থ বলা হয়েছে আড়ালে অবস্থান করে অন্যের কথোপকথন শোনা—এই অর্থও ভুল।
মুদ্রণপ্রমাদ
পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের নবম পৃষ্ঠায় আন্ডর্য শব্দটি হবে আশ্চর্য, ২১ পৃষ্ঠায় কিশোলয় শব্দটি কিশলয় এবং অনিমেশ শব্দটি অনিমেষ হবে। ৪৭ পৃষ্ঠায় ‘রাজ্য’ হবে ‘রাজা’ ৮০ পৃষ্ঠায় মৃতুক্ষুধা হবে মৃত্যুক্ষুধা, ১৩৭ পৃষ্ঠায় আয়ুরর্বেদশাস্ত্র হবে আয়ুর্বেদশাস্ত্র, ১৪৪ পৃষ্ঠায় মেঘনাথ-বধ হবে মেঘনাদবধ, ১৫৪ পৃষ্ঠায় ‘গায়ত্রি সন্ধ্যা’ হবে ‘গায়ত্রী সন্ধ্যা’ ১৭৩ পৃষ্ঠায় ষষ্টক হবে ষটক, ২০২ পৃষ্ঠায় কুসুম-কুমারী হবে কুসুমকুমারী, ২০২ পৃষ্ঠায় ঝরা পালক হবে ঝরাপালক, ২৪৪ পৃষ্ঠায় সাহচার্য হবে সাহচর্য।
ত্রুটিপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন
পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে বহুনির্বাচনী প্রশ্নে চন্দ শব্দটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ চারটি শব্দ দেওয়া হয়েছে। এসব শব্দের কোনোটি চন্দ এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। বইয়ের বৃষ্টি কবিতায় বহুনির্বাচনী প্রশ্নে বলা আছে ‘রুগন বৃদ্ধ ভিখারীর রগ-ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান’—এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে? এখানে পাঠ্যবইয়ের মূল কবিতার উদ্ধৃতির সঙ্গে প্রশ্নের সংগতি নেই। কবিতার পঙিক্ত ‘রুক্ষ মাঠ অসমান’ ধরে নিলে চারটি বিকল্প জবাবের মধ্যে সঠিক উত্তর হবে—বুভুক্ষু মাঠের চিত্র। আর রুক্ষ মাঠ আসমান ধরে নেওয়া হলে চারটি বিকল্পের মধ্যে সঠিক উত্তর হবে—প্রাকৃতিক বৈরিতা।
অযৌক্তিক প্রেক্ষাপট
পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ৮২ পৃষ্ঠায় আছে, ‘এর প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিয়ে সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে। তখন থেকেই তিনি “বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু” হয়ে ওঠেন।’ লাইনগুলো পড়লে মনে হয়, বকেয়া প্রাপ্তির সঙ্গে সঙ্গেই বিজ্ঞানী হয়ে ওঠেন। এখানে অযৌক্তিক প্রেক্ষাপট তৈরি করা হয়েছে।
উল্টাপাল্টা দাঁড়ি, কমা
নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির চার নম্বর পৃষ্ঠায় ‘ইসলামি পরিভাষায়’ এর পরে কমা (,) আছে। কিন্তু নবম পৃষ্ঠায় ইসলামি পরিভাষায় এর পরে কমা নেই। ১৪১ পৃষ্ঠায় পরিভাষায় শব্দটির পর কমা (,) হবে না। ৬০ পৃষ্ঠায় ‘বোঝানো হয়’ এর পরে (।) হবে, কিন্তু দেওয়া হয়নি। ১৩৩ পৃষ্ঠায় ‘পরিচ্ছন্ন’ শব্দটির পর কমা (,) হবে। ১৩৪ পৃষ্ঠায় ‘কাজ-কর্মে’ শব্দটির পর কমা (,) আছে, কিন্তু তা হবে না।
ইসলাম ধর্মীয় শব্দগুলো
নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির ৪৩ পৃষ্ঠায় ‘জামিউল কুরআন’ উল্লেখ থাকলেও ১৬৫ পৃষ্ঠায় আছে ‘জামেউল কুরআন’। ৬৭ পৃষ্ঠায় ‘দুঃস্থ’ এবং ৫৯ পৃষ্ঠায় ‘দুস্থ’ লেখা আছে। ৮০ পৃষ্ঠায় ‘সুন্নাতে মুয়াক্কাদা’ ও ‘সুন্নাতে মুয়াক্কাদাহ’ লেখা আছে। ১১৫ পৃষ্ঠায় ‘মুত্তকিগণের’ ও ‘মুত্তাকিগণের’, ১১৬ পৃষ্ঠায় ‘আখেরাতে’ এবং ‘আখিরাতে’, ১৮৮ পৃষ্ঠায় ‘জিজ্ঞেস’ ও ‘জিজ্ঞাসা’ লেখা রয়েছে। ৯৭ পৃষ্ঠায় ‘সুরা হজ্জ’ এবং ‘সুরা হাজ্জ’ দুই রকম লেখা আছে।
বানান ভুল
নবম-দশম শ্রেণীর অর্থনীতি বইটির চার পৃষ্ঠায় ঊর্ধ্বে বানানে ঊ এবং ঊর্ধ্বতন বানানে ঊ ব্যবহার করা হয়নি। বইয়ের বিভিন্ন স্থানে এই ভুল রয়েছে। সর্বোচ্চ শব্দটিতে ‘ব্ব’ এবং সপক্ষে শব্দটিতে ‘স্ব’ উল্লেখ করা হয়েছে কয়েক জায়গায়। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে ৮৪ পৃষ্ঠায় দই-এর স্থলে হবে দুই। ৯৫ পৃষ্ঠায় কথনো-র স্থলে কখনো হবে। ৯২ পৃষ্ঠায় ‘হত্যাকা’ হবে না, হবে হত্যাকাণ্ড। ৯৩ পৃষ্ঠায় ‘রষ্টভাষা’ হবে রাষ্ট্রভাষা।