রং মনে রাখা কঠিন?

গাঢ় নীল, হালকা নীল কিংবা নীলাভ রং দেখলেও মানুষ কেবল একটি রঙের কথা মনে রাখে, তা হলো নীল। এই তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী বলছেন, মানুষ তার পরিচিত সাধারণ কয়েকটি রঙের বাইরে অন্য অনেক রং মনে রাখতে পারে না।
জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মানব মস্তিষ্কে বিশেষ বিশেষ রঙের প্রতি বিস্ময়কর ঝোঁক রয়েছে। বিষয়টি প্রমাণের লক্ষ্যে কয়েকজন স্বেচ্ছাসেবীকে একটি বর্ণ চক্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে বলা হয়। ওই চাকার মধ্যে ১৮০টি ভিন্ন রঙের সমাহার ঘটানো হয়। এসবের মধ্যে নীল, গোলাপি, সবুজ, লাল, কমলা ও হলুদ রঙের ‘সেরা’ দৃষ্টান্ত ছিল। মাত্র এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময় দেখার পর ওই স্বেচ্ছাসেবীদের স্মৃতির পরীক্ষা নেওয়া হয়। এতে বর্ণ চক্রের সেই ১৮০টি রঙের মধ্য থেকে নির্দিষ্ট কিছু রং খুঁজে বের করতে তাদের বলা হয়। ফলাফলে দেখা যায়, কাঙ্ক্ষিত রং খুঁজে বের করতে না পারলেও কাছাকাছি রংটি তারা ঠিকই চিহ্নিত করতে পারে।
গবেষণা দলটির প্রধান জোনাথান ফ্লোমবম বলেন, ‘রঙের ব্যাপারে আমাদের মস্তিষ্কের সুনির্দিষ্ট উপলব্ধি রয়েছে। যখন আমরা চারপাশ থেকে কোনো রং খুঁজতে চেষ্টা করি, তখন মস্তিষ্ক থেকেই একটি সংকেতের মাধ্যমে বলে দেওয়া হয়, এটি নীল বা এটি হলুদ। আর সেই নির্দেশনা রংটির ব্যাপারে আমাদের দেখা এবং চিন্তা করার অনুভূতির ওপর প্রভাব বিস্তার করে। তবু কোনো রং বাছাই করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। কারণ, সেই রংটিকে আমরা ভুলভাবে মনে রাখি।’
গবেষকেরা মনে করেন, রঙের স্মৃতি ধারণে আমাদের ভুল করার কারণ স্মৃতিশক্তির সীমাবদ্ধতা নয়, বরং পৃথিবীর বিভিন্ন জিনিস বা উপাদানকে বর্ণনা করার ব্যাপারে আমাদের ভাষার ঘাটতি। এর মানে হলো, বেগুনি আভাযুক্ত গোলাপি রং ও প্রবালের রংকে আমরা ঠিকই ভিন্ন দেখতে পাই। তারপরও আমাদের মস্তিষ্ক সঠিক ভাষার অভাবে ওই দুটি রংকে একই শ্রেণিভুক্ত করে ফেলে। আমরা লাখ লাখ রঙের প্রভেদ বুঝি, কিন্তু সেই তথ্য সংরক্ষণে মস্তিষ্কের একটি বিশেষ কৌশল রয়েছে। এটি আমাদের স্মৃতিকে নির্দিষ্ট ঝোঁকে আবিষ্ট করে দেয়।
সূত্র: লাইভসায়েন্স, সায়েন্সডেইলি ও মেডিকেল ডেইলি।