রংচঙে লেগিংস


শুরুতে রং বলতে ছিল একটাই—কালো। প্রায় সব রঙের পোশাকের সঙ্গেই মেয়েরা চুটিয়ে পরতেন কালো লেগিংস। এরপর এল নানা রঙের লেগিংস। আর ফ্যাশনে এখনকার ট্রেন্ড ছাপা, রংচঙে নকশার লেগিংস।
ফ্যাশন ডিজাইনার মাহিন খান বললেন, লেগিংসটি ছাপা নকশার হলে দেখার ক্ষেত্রে সেটিই প্রাধান্য পেয়ে থাকে। এ জন্য এর সঙ্গে খুব লম্বা কোনো কামিজ না পরে হাঁটু বরাবর বা তার একটু ওপর পর্যন্ত টপ বা কুর্তা পরা যেতে পারে। লম্বা শার্টও এর সঙ্গে বেশ মানিয়ে যাবে। লেগিংসের সঙ্গে খুব খাটো কোনো শার্ট বা টপ না পরাই ভালো। সাদামাটা কাটের কুর্তা না পরে বরং নিচের দিকে একটু ভিন্ন কাটের কুর্তা পরলে ভালো দেখাবে। কুর্তা বা টপের দুই পাশের কাটা যেন বড় না হয়। লেগিংস ছাপা নকশার আর রংচঙে বলে এর সঙ্গে শার্ট বা কুর্তাটি বেছে নিতে হবে যেকোনো এক রঙের। আবার কালার ব্লকিংও হতে পারে, যেমন টপের সামনে এক রং থাকলে পেছনে অন্য রং বা হাতায় ভিন্ন রং। লেগিংস আর টপের রঙে বৈপরীত্য থাকলে ভালো দেখাবে। লেগিংসে থাকা রংগুলোর মধ্য থেকে যেকোনো একটি রঙের টপও বেছে নিতে পারেন।

মাহিন খান জানান সাদা, কালো, ধূসর, বাদামি, চকলেট—এই রংগুলো সাধারণত সব রঙের সঙ্গেই মানিয়ে যায়। তাই ছাপা লেগিংসের সঙ্গে অনায়াসেই এসব রঙের টপ বেছে নিতে পারেন। লেগিংসের সঙ্গে পায়ে ব্যালেরিনা শু বা ফ্লাট স্যান্ডেল দারুণ মানাবে। পার্টিতে পরতে পারেন হাই হিলও। তবে পেন্সিল হিলের সঙ্গে একেবারেই মানাবে না। ওয়েজেস বা প্ল্যাটফর্ম হিল পরতে পারেন।
ট্রেন্ডি এই পোশাকের সঙ্গে সাজটাও হওয়া চাই মানানসই। হাতে ভিন্ন আকৃতির রঙিন কয়েকটি বালা, গলায় তার সঙ্গে মিলিয়ে কোনো মালা আর কানে ঝোলানো বড় দুল পরতে পারেন। আর সঙ্গে নিতে পারেন বড় কোনো ব্যাগ।

সাজ ও অনুষঙ্গ একটু চড়া হলে ভালো লাগবে। তবে মেকআপ আর চুলের স্টাইল কেমন হবে, তা অনেকটাই নির্ভর করবে বয়স, পরিবেশ ও ব্যক্তিত্বের ওপর।
মাহিন খান বলেন, ‘তরুণী বা কিশোরীদেরই প্রিন্টেড লেগিংসে বেশি মানায়। তবে কারও ব্যক্তিত্ব যদি হয় প্রাণোচ্ছল, তবে তাঁদেরকেও দিব্যি মানিয়ে যাবে এই পোশাকে।’ যাঁদের গড়ন ভারী, তাঁদের বড় নকশার লেগিংস না পরার পরামর্শ দেন তিনি।

মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া জানালেন, সাধারণত ঘরোয়া কোনো পার্টি অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেলেই লেগিংস পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তাঁর মতে, এটি পায়ের সঙ্গে একদম আঁটসাঁটভাবে লেগে থাকে বলে সব জায়গায় এটি না পরাই ভালো। তিনি বলেন, ‘ক্যাজুয়াল পোশাক হলেও সব জায়গায় আমি এই পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি না।

কেনাকাটা করতে গেলে বা ভিড় হয় এমন কোনো জায়গায় এটি সাধারণত এড়িয়েই চলি। আর লেগিংস টপস দুটোই ছাপা নকশার হলে তা খুব জবরজং দেখায়। তাই প্রিন্টের লেগিংসের সঙ্গে সব সময় বেছে নেই এক রঙের লম্বা শার্ট অথবা টপ, যা লম্বায় হয়ে থাকে হাঁটু বা তার সামান্য একটু ওপর পর্যন্ত।
এর সঙ্গে শিফন অথবা মসলিনের কোনো স্কার্ফ অনেক সময় মাথায় পেঁচিয়ে নেই, আবার কখনো তা শালের মতো করেও জড়িয়ে নেওয়া যায় গায়ে।’পিয়া আরও জানালেন, তাঁর সংগ্রহে রয়েছে ভিন্ন ধরনের কিছু সুতার মালা। সেগুলোই এমন লেগিংসের রঙের সঙ্গে মিলিয়ে গলায় পরে থাকেন। আর তাঁর হাতে থাকে বালা আর কানে ছোট দুল।
ছাপা লেগিংস কিনতে পারবেন ক্যাটস আই, ইয়েলো, আরবান ট্রুথ, একস্ট্যাসি এবং ঢাকা কলেজের বিপরীতে বদরুদ্দোজা মার্কেটেও। এ ছাড়া কিছু অনলাইন শপেও খুঁজে পেতে পারেন পছন্দসই লেগিংস।