রংতুলির অসীম

অসীমের ফেসবুক প্রোফাইল ঘাঁটলে রীতিমত দ্বন্দ্বে পড়ে যাবেন যে কেউ, যে পোট্রেটগুলো অসীম এঁকেছেন একেবারেই তা যেন অবিকল ক্যামেরায় তোলা আলোকচিত্র। এতোটাই নিখুঁত অসীমের তুলির আঁচড়।
সবার কাছে গ্রহণযোগ্য কিছু শিল্পকর্ম করার নেশাই তাঁকে তাড়িয়ে এনেছে শিল্পের অঙ্গনে উচ্চশিক্ষার্থে। দিনাজপুরের ছেলে অসীম চন্দ্র রায় পড়াশোনা করছেন উপমহাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। অসীম ভিজুয়াল আর্ট বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের (আইসিসিআর) শতভাগ বৃত্তি পেয়ে ২০১৩ সাল থেকে সেখানে পড়ছেন তিনি।
বাবা সুশীল কুমার রায় অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা; বাবার চাকরিসূত্রে পঞ্চগড়েই বেড়ে ওঠা অসীমের। ছোটবেলা থেকেই ছবি আঁকেন অসীম, তখন থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছেন। এ ব্যাপারে মা অমলা রানী রায়ের আগ্রহ ছিল অপরিসীম। নিজেই ছেলেকে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যেতেন। জেলা ও আঞ্চলিক পর্যায়ে ছবি এঁকে অসংখ্য পুরস্কার পেয়েছেন। ২০০৫ সালে পেয়েছেন জাতীয় শিশু পুরস্কার। ২০০৭-০৯ টানা তিন বছর পেয়েছেন টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন অ্যাওয়ার্ড। স্কুলে থাকতে স্কাউিটং করেছেন, মিলেছে এর স্বীকৃতিও। খেলাধুলায়ও পারদর্শী এই তরুণ। প্রিয় খেলা ক্রিকেট। এত কিছু করেও পড়াশোনায় দারুণ তুখোড় অসীম। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন, এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন৷ এইচএসসি পরীক্ষার সময় অসুস্থ ছিলেন, তার পরও পরীক্ষা শেষ করেছেন, পেয়েছেন জিপিএ-৪.৬।
অসীম মূলত বাস্তবধর্মী ছবি আঁকতে পছন্দ করেন। শিল্পের সব ক্ষেত্রে অসীমের বিচরণ হলেও ক্যারিকেচার মাধ্যমটি তাঁর অন্যতম ভালোলাগার ক্ষেত্র। ক্যারিকেচারকে বাংলাদেশে আরও জনপ্রিয় করে তুলতে চান। বিদেশের ক্যাম্পাসে পড়লেও দেশকে সব সময় মিস করেন। নিজের অবস্থানের জন্য বাবা-মা ও বন্ধুবান্ধবের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাঁর। নিজের কাজ সম্পর্কে বলেন, ‘আরও অনেক কিছু শেখার বািক, মোটামুটি ভালো অবস্থানে যেতে আমার আরও ৮-১০ বছর অনুশীলন চালিয়ে যেতে হবে৷’ শিল্পীর কথায় বিনয় ঝরে পড়ে!
অসীমের খুব কাছের কিছু বন্ধু মিলে ফেসবুকে অসীমের শিল্পকর্মগুলো নিয়ে একটি পেজ পরিচালনা করেন৷ প্রিয় পাঠক, চাইলে আপনিও একবার ঢুঁ মারতে পারেন সেখানে৷ ঠিকানা: Artist Asim’s Creation