রংপুরে ইউনিয়ন তথ্যকেন্দ্রগুলো বন্ধই থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলার ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলো (ইউআইএসসি) জনগণের কোনো কাজে আসছে না। যন্ত্র এলেও এগুলো বন্ধই থাকছে। সচেতনতা, প্রচারণা ও কম্পিউটার পরিচালনাকারীর অভাবে এগুলো পড়ে থাকছে।খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরের আট উপজেলার ৮৩টি ইউনিয়ন পরিষদে কম্পিউটারসহ যাবতীয় সরঞ্জাম থাকলেও অপারেটর ও প্রচার-প্রচারণা না থাকায় তথ্যকেন্দ্রের সেবা জনগণ পাচ্ছে না। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে তথ্যকেন্দ্রের মূল উদ্দেশ্য ব্যাহত হতে চলেছে। প্রায় প্রতিটি তথ্যকেন্দ্রই বন্ধ থাকছে।২০১০ সালের ১১ নভেম্বর টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র একসঙ্গে উদ্বোধন করেন। সে অনুযায়ী রংপুরের ইউনিয়নগুলোতেও যন্ত্রপাতি এবং একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তা নিয়োগ দেওয়া হয়। কিন্তু এর প্রায় এক বছর পরও রংপুরের ইউআইএসসিগুলো চালু হয়নি। গত অক্টোবর মাসে রংপুর টাউন হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নভেম্বর মাস থেকে সব ইউআইএসসি চালু করার ঘোষণা দেওয়া হয়। তবে এখনো এর কোনো বাস্তবায়ন নেই। জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন, সদর ইউনিয়ন, গঙ্গাচড়া উপজেলা সদর, গজঘণ্টা, সদর উপজেলা উত্তম ইউনিয়নসহ আরও কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, তথ্যসেবা কেন্দ্রগুলো বন্ধ। এসব এলাকার শিক্ষিত যুবকেরা জানেন না, তাঁদের ইউনিয়নে ইন্টারনেট ব্যবহারের সুযোগ-সুবিধা রয়েছে। হারাগাছ ডিগ্রি কলেজের শিক্ষার্থী আলী হোসেন বলেন, ‘ইন্টারনেট থাকলেও আমরা বঞ্চিত।’ আরেক শিক্ষার্থী লাইলী বেগম বলেন, ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান গড়ে তুলে তারা ব্যবসা-বাণিজ্য করছে। হারাগাছ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, লোকবল না থাকায় তথ্যকেন্দ্রের সেবা দেওয়া যাচ্ছে না। কাউনিয়ার সদর ইউনিয়নের আবদুল হান্নান বলেন, বিনা পারিশ্রমিকে কেউ কাজ করতে চায় না বলে তা বন্ধ থাকছে। গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, এটি চালু করার লোকবল নেই। সদর উপজেলার উত্তম ইউনিয়নের রুহুল আমিনসহ অধিকাংশ চেয়ারম্যান একই মন্তব্য করেন।ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ বাবু জানান, বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র চালু করেছে। এর কার্যক্রম বন্ধ থাকলেও তা কীভাবে চালু রাখা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা যায়, গ্রামের মানুষ যাতে কম খরচে, কম সময়ে দেশ-বিদেশে টেলিযোগাযোগ, ইন্টারনেট সুবিধা, অনলাইন তথ্য, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন, মানবাধিকারসহ বিভিন্ন তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই এ প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে দুটি কম্পিউটার, প্রিন্টার, মডেম, ফ্যাক্সসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রকল্প নেওয়া হয়েছে। —আরিফুল হক, রংপুর