রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল সোমবার বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান। ডিজিটাল প্রযুক্তি সুবিধার মাধ্যমে জনগণ ও সরকারের মধ্যে দূরত্ব কমাতে এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। এই মেলায় সরকারি ২৬টি ও বেসরকারি প্রতিষ্ঠানের আটটি স্টল রয়েছে। জেলা পরিষদ কমিউনিটি মিলনায়তনে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল জলিল মিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুল্লাহ মামুন, জেলা প্রশাসক বিএম এনামুল হক, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ। মেলা আজ মঙ্গলবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। —নিজস্ব প্রতিবেদক, রংপুর