রক্তক্ষরণ ঠেকাবে তরল ফোম!
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা রক্তক্ষরণ ঠেকাতে পারে এমন ধরনের তরল ফোম তৈরি করেছেন। গবেষকেদের দাবি, এ ফোম ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হলে তা শরীরের ভেতর থেকে রক্তক্ষরণ বন্ধ করতে পারবে। যুদ্ধক্ষেত্র বা যে স্থানগুলোতে জরুরি চিকিত্সা পৌঁছানো সম্ভব হয় না সেখানে এ ধরনের তরল ফোম ব্যবহার করে সাময়িক রক্তক্ষরণ ঠেকানো যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।এ ফোম তৈরিতে পেন্টাগনের কাছ থেকে দেড় কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য পাচ্ছেন আর্সেনাল মেডিক্যালের গবেষকেরা। গবেষকেরা দুই ধরনের তরলের মিশ্রণ ঘটিয়ে শরীরে ইনজেকশনের মাধ্যমে তা প্রবেশ করান। গবেষকেরা দেখেন, এ ফোম শরীরের অভ্যন্তরে রক্ত প্রতিরোধী কাপড়ের মতো কাজ করে। গবেষকেরা জানান, তাঁদের তৈরি ফোম এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পলিইউরিথেন পলিমারের এ ফোম এক ঘণ্টার বেশি সময় ধরে ভেতর থেকে রক্তক্ষরণ আটকাতে পারে। পরবর্তীতে যা শরীর থেকে খুব সহজেই অপসারণ করা সম্ভব। পলিইউরিথেন কোনো ধাতব বা প্লাস্টিকের দেয়ালে তাপ নিরোধক হিসেবে ব্যবহূত হয়।