
আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতের ‘লাল করিডরের’ মাওবাদী বা নকশালরা। তারা যে এখনো কতটা ভয়ংকর, গত শনিবার ছত্তিশগড়ের হামলায় তার প্রমাণ মিলল। পূর্বাঞ্চলীয় রাজ্যটির বাসতার এলাকার গহিন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া সড়কে মাওবাদীরা অতর্কিত হামলা চালায় কংগ্রেস দলের ‘পরিবর্তন যাত্রার’ বহরে। এতে রাজ্যের কংগ্রেস পার্টির প্রধান নন্দকুমার প্যাটেল ও তাঁর ছেলেসহ নিহত হন ২৭ জন। এর মধ্যে নিরীহ সাধারণ মানুষও রয়েছে।সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে মাওবাদীরা বলেছে, সরকারের ‘গণবিরোধী নীতির’ প্রতিবাদে তারা এ হামলা চালিয়েছে। মাওদের দমনে ‘সালওয়া জুদুম’ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার প্রতিশোধ এটি। হামলায় নিরীহ মানুষ মারা যাওয়ার ঘটনায় তারা অবশ্য দুঃখ প্রকাশ করেছে।
সিপিআই (মাওবাদী) বলেছে, শনিবারের হামলা চালিয়েছে পিপলস লিবারেশন গেরিলা আর্মির সশস্ত্র সদস্যরা। মহেন্দ্র কর্মাসহ কয়েকজন কংগ্রেস নেতাকে মেরে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য। মাওবাদীদের একটি আঞ্চলিক কমিটির মুখপাত্র গুদসা উসেন্দি এসব কথা বলেছেন।
২০০৫ সালের জুনে ‘সালোয়া জুদুম’ নামের বিতর্কিত নকশালবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
তবে নকশালরা যা-ই বলুক না কেন, শনিবারের ওই হামলা সহজভাবে নিচ্ছেন না কেউ। রাজ্য সরকার তো বটেই, কেন্দ্রীয় সরকারেরও টনক নড়েছে। নকশালদের সঙ্গে বোঝাপড়াটা যে এখন আর সহজ হবে না, তা ভালো করেই আঁচ করেছে সরকার। এ জন্য গত মঙ্গলবার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, না, আর মাওবাদীদের সঙ্গে ঢিমেগতির আলোচনা নয়, তাদের মোকাবিলা করার নীতি নতুন করে ঝালিয়ে দেখতে হবে।

মাওবাদীরা ভারতে দরিদ্রদের জন্য ভূমি ও কর্মসংস্থানের দাবিতে সশস্ত্র আন্দোলন করে যাচ্ছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, একটি কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা।
ভারতের পূর্ব ও দক্ষিণের যেসব এলাকায় মাওবাদী বা নকশালপন্থীদের ব্যাপক তৎপরতা রয়েছে, সে এলাকা ‘লাল করিডর’ বলে পরিচিত। নকশালি গ্রুপ বলতে যা বোঝায়, তা হচ্ছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) সশস্ত্র ক্যাডারদের নিয়ে গঠিত দল। তারা মাওবাদী জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ও গণ-আদালত পরিচালনা করে থাকে। গণ-আদালত হচ্ছে সরকারের অনুমোদনহীন আদালত, যেখানে মাওবাদীরা নিজস্ব নিয়মে বিচার পরিচালনা করে। ভারতে ১৯৬৭ সালে প্রণীত ‘বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধবিষয়ক আইন’ বলে নকশালদের সব ধরনের সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ।
‘লাল করিডর’ যেসব রাজ্যের মধ্য দিয়ে গেছে, সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওডিশা, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ ও উত্তর প্রদেশ।
শনিবারের হামলার ঘটনা তদন্ত করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা। শত শত পুলিশ মাওবাদীদের খোঁজে চষে ফেলছে স্থানীয় বনজঙ্গল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং বলেছেন, যে নীতি নিয়ে মাওবাদীদের মোকাবিলা করা হচ্ছে, তা নিয়ে জরুরি ভিত্তিতে নতুন করে নজর দেওয়া দরকার। গত কয়েক মাসে মাওবাদীদের হত্যাকাণ্ড বেড়ে গেছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, মাওবাদীদের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান চালাতে হবে। আলাপ-আলোচনা বা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি কোনো আগ্রহ নেই। যে পর্যন্ত তারা সহিংসতা ত্যাগ না করছে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আর আলোচনা নয়।
বিশ্লেষক ও অভিজ্ঞজনেরা অবশ্য অন্য কথা বলছেন। তাঁদের মতে, ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের ওপর এই মাওবাদী হামলা তাদের সহিংসতা বেড়ে যাওয়ার লক্ষণ নয়। বিশেষ একটি কারণে অনেক দিন ধরে পুষে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ। বিশেষ করে মহেন্দ্র কর্মার ওপর মাওবাদীদের ক্ষোভ ছিল অনেক দিন ধরেই।
পুরো ঘটনা বলতে গেলে একটু পেছনে ফিরতে হবে। ২০০০ সালে মধ্যপ্রদেশ রাজ্যভেঙে গঠিত ছত্তিশগড় কয়লাসহ বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদে ভরপুর। সেখানে টাটা ও জিন্দালের মতো বড় প্রতিষ্ঠানগুলো বেশ কয়েক বছর ধরে কারখানা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। এ জন্য জমি প্রয়োজন। কিন্তু আদিবাসীদের বংশানুক্রমিক মালিকানার জমি কেনা যাবে না। সংবিধানে এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কোম্পানিগুলোর হয়ে সরকার এসব জমি হুকুম দখল করে তাদের কাছে বিক্রি করতে পারে।
গত প্রায় এক দশক ধরে ভারত সরকার আইনবলে ও অন্যান্য উপায়ে টাটার মতো বড় বড় কোম্পানির স্বার্থে স্থানীয় অধিবাসীদের জমি হুকুম দখলের চেষ্টা চালাচ্ছে। এ পদক্ষেপে স্বাভাবিকভাবেই বনবাসী দরিদ্র মানুষ সরকারের প্রতি রুষ্ট। এ সুযোগে তাদের পক্ষে দুই কথা বলে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছে মাওবাদীরা।
স্থানীয় অনেক ভূমির মালিক ও কৃষকের অভিযোগ, টাটার মতো অগাধ টাকা ও প্রভাবের অধিকারী কোম্পানির লোকজন ছলচাতুরী করে নানাভাবে ঠকিয়ে তাদের জমি নিয়ে যাচ্ছে। এর ফলে মাওবাদীরা ক্ষুব্ধ-বঞ্চিত কৃষকদের দলে ভেড়াতে পারছে। তাদের প্রশিক্ষণ শিবিরে নিয়ে সশস্ত্র লড়াই শেখানো হচ্ছে।
প্রাকৃতিক সম্পদের টানে ভারতের অনেক সেরা কোম্পানির অন্যতম ঠিকানা এখন ছত্তিশগড়। এ কারণে সেখানে অবকাঠামোগত উন্নয়নও হয়েছে ব্যাপক। উন্নত রাস্তাঘাট ও দর্শনীয় স্থানের কারণে ওই রাজ্য এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। কিন্তু মাওবাদীদের তৎপরতা এতে বাদ সেধেছে।
২০০৫ সালে সরকার মাওবাদীদের বিরুদ্ধে এক ‘কৌশলগত শুদ্ধি অভিযান’ চালায়। সেটাই ‘সালোয়া জুদুম’। ওই অভিযানে শত শত মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মার নেতৃত্বে বেসামরিক মিলিশিয়া বাহিনী গড়ে ওঠে। সরকারের হয়ে তারা নকশালবিরোধী অভিযান চালায়। এ সময় কত মাওবাদী সমর্থক গ্রামবাসীকে যে হত্যা করা হয়, তার কোনো সঠিক হিসাব নেই। পর পর কয়েক দফায় চলে এ অভিযান।
সালোয়া জুদুমের সময় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, মিলিশিয়াদের বুলেটে ঝাঁজরা লাশের পাশে নেচেকুঁদে উল্লাস প্রকাশ করেছেন মহেন্দ্র কর্মা। তাঁর এ কাজে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন।
ভারত সরকার এখন মাওবাদীদের দমনে যে নতুন করে আটঘাট বেঁধে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেবল শক্তি প্রয়োগ করে কতটা শান্তি আনা যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, সারা দেশে মাওবাদীদের প্রায় ৩০ হাজার প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধা রয়েছে। খুব সহজে যে তারা চার দশক ধরে চালিয়ে আসা লড়াইয়ে ক্ষান্ত দেবে, সে সম্ভাবনা ক্ষীণ। ২০০৫ সালের পর থেকে তাদের সহিংস হামলায় এ পর্যন্ত ছয় হাজারের বেশি লোকের প্রাণ গেছে। এর মধ্যে রাজনীতিক, সেনা ও পুলিশ সদস্য রয়েছে। তাদের প্রতিরোধের ক্ষমতাকে হালকা করে দেখার সুযোগ নেই।
পর্যবেক্ষকেরা কেউ কেউ বলছেন, শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীদের মতো মাওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারলে এক কথা। গণতন্ত্র, মানবাধিকারের মতো নীতিনৈতিকতার কথা না হয় বাদই থাকল। কিন্তু অভিযান চালিয়ে ব্যর্থ হলে তা আরও বিপর্যয় নিয়ে আসতে পারে। তাই স্থায়ী শান্তির জন্য সংঘাত নয়, আলোচনাই হতে পারে সর্বোত্তম পন্থা।
সূত্র: নিউইয়র্কটাইমস