রক্তের অক্ষরে লেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে স্বপ্নের জন্য শহীদ হয়েছিলেন এদেশের মেধাবী চিন্তাশীল মানুষেরা, তাঁদের নিয়ে ‘ছুটির দিনে’র গত সংখ্যায় লিখেছিলেন তাঁদের সন্তানেরা। শ্রেষ্ঠ মেধাবী মানুষগুলো কী চিন্তা করতেন, কী ভাবতেন আর কেমনই বা ছিল তার প্রকাশ? তা জানাতেই শহীদ বুদ্ধিজীবীদের কয়েকজনের রচনার খানিকটা করে অংশ নিয়ে আজ প্রকাশিত হচ্ছে ‘ছুটির দিনে’র আরেকটি বিশেষ সংখ্যা: ‘রক্তের অক্ষরে লেখা’ এই বিশেষ সংখ্যার ভূমিকা লিখেছেন বর্তমানে এদেশের আরেকজন প্রখ্যাত চিন্তাবিদ আনিসুজ্জামান

পোস্টার, শিল্পী: দেবদাস চক্রবর্তী, ১৯৭১
পোস্টার, শিল্পী: দেবদাস চক্রবর্তী, ১৯৭১

নিরুদেবগে পথ চলছি—হঠাৎ কানে আসে শহীদ বুদ্ধিজীবীর মৃত্যুকালীন আর্তনাদ।
বন্ধু-বান্ধবের সঙ্গে বসে গল্প করছি—আকস্মিকভাবে চোখের পর্দায় ধরা পড়ে শহীদ বুদ্ধিজীবীর মুখ। আমি স্তব্ধ হয়ে যাই। আমার কাজ এলোমেলো হয়ে যায়।
শহীদ বুদ্ধিজীবীদের কতজনের সঙ্গেই না ব্যক্তিগত সম্পর্কে বাঁধা পড়েছিলাম। আমার ছেলেবেলায় গৃহশিক্ষক ছিলেন সিরাজুদ্দীন হোসেন। প্রথমে জগন্নাথ কলেজে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি মোফাজ্জল হায়দার চৌধুরীর কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকদের মধ্যে আরো ছিলেন মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, সন্তোষচন্দ্র ভট্টাচার্য। গোবিন্দচন্দ্র দেবের কাছে পড়িনি—কিন্তু তিনিও আমার শিক্ষক ছিলেন বইকী, এমনকী সহকর্মী হওয়ার পরেও।
সহকর্মী ছিলেন বাংলা বিভাগে আনোয়ার পাশা, ইংরেজিতে রশীদুল হাসান, ইতিহাসে আবুল খায়ের। গিয়াসউদ্দিন আহমদ শুধু সহকর্মী ছিলেন না, ছিলেন বড়ো বন্ধুও। মোহাম্মদ মোর্তজা ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার—সেই হিসেবে তিনিও আমার চিকিৎসক ও সহকর্মী। চিকিৎসক ছিলেন আলীম চৌধুরী—তাঁর পত্রিকায় যেমন লেখা ছেপেছেন আমার, তেমনি দিয়েছেন চশমার ব্যবস্থাপত্র। প্রয়োজনে ফজলে রাব্বি আমার চিকিৎসা করেছেন, অপ্রয়োজনে আমার সংগ্রহ থেকে কবিতার বই নিয়ে গেছেন।
শহীদুল্লা কায়সার আর মামুন মাহমুদ আমার অগ্রজস্থানীয় ছিলেন—তাঁদের দুই ভাই ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে মহসীন আলী দেওয়ান আমার বছর দুই ওপরে পড়তেন। ব্রাহ্মণবাড়িয়ার লুৎফর রহমানকে চিনতাম তাঁর কর্মসূত্রে। সম্পূর্ণ ভিন্ন কারণে চিনতাম রাজনীতিবিদ মশিউর রহমান ও সায়ীদুল হাসানকে। মেহেরুননেসাকে জানতাম বইকী! আলতাফ মাহমুদকে প্রথমে দেখেছি যুবলীগ অফিসে পোস্টার আঁকতে, পরে গণসংগীত গাইতে এবং শেষে অসাধারণ সুরস্রষ্টারূপে। জহির রায়হান ছিল আমার বহুকালের বন্ধু।
আমার এম এ ক্লাসের ছাত্র ছিল আ ন ম গোলাম মোস্তফা ও রফিকুল ইসলাম। অনার্স ক্লাসের ছাত্র ছিল রামকৃষ্ণ অধিকারী। সাবসিডিয়ারি ক্লাসে পড়িয়েছিলাম সৈয়দ নজমুল হককে। এদের মতোই ছাত্র ছিল আরেকজন—চৌধুরী মইনুদ্দীন। আল বদরের সংগঠক হিসেবে সে ধরে নিয়ে যায় তার ও আমার শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরীকে—তাঁর লাশটিও আর পাওয়া যায়নি।
আইনজীবী আবদুল আহাদ ছিলেন আমার ঘনিষ্ঠ আত্মীয়। আত্মীয় তো আসলে সকল শহীদ বুদ্ধিজীবীই।
‘ছুটির দিনে’র এই সংখ্যায় দশজন শহীদ বুদ্ধিজীবীর রচনা সংকলিত হয়েছে। এসব লেখার দেশকালগত পটভূমি ব্যাখ্যা করা এখন বাহুল্য। সবগুলো লেখাকে একসূত্রে বাঁধাও সম্ভবপর হবে না।
আনোয়ার পাশা ও জহির রায়হানের উপন্যাসের অংশ এতে সংকলিত হয়েছে। বাকি লেখার সঙ্গে তা মেলানো মুশকিল। জহিরের উপন্যাস হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে আর আনোয়ার পাশা একাত্তরের অবরুদ্ধ বাংলাদেশের।
১৯৫২ সালে রচিত ‘প্রাদেশিকতা’ প্রবন্ধে জ্যোতির্ময় গুহঠাকুরতা কিঞ্চিৎ কৌতুকের সঙ্গে বলেছেন, প্রদেশ থাকলে প্রাদেশিকতাও থাকবে। সে-প্রাদেশিকতা দূর করার চেষ্টায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার এবং আরবি হরফে বাংলা লেখার পরিকল্পনা করা হয়েছে, অথচ কেন্দ্র ও প্রদেশের মধ্যে রাজস্ববণ্টনে ন্যায়নীতি দেখা যায়নি। ভাবী শাসনতন্ত্রে এ-সমস্যার সমাধান হবে বলে তাঁর আশা, তবু তাঁর মনে হয়েছে গণতান্ত্রিক পাকিস্তানকে বহু ঝঞ্ঝাট পোহাতে হবে। ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধে মোফাজ্জল হায়দার চৌধুরী বাঙালি সংস্কৃতিকে পাকিস্তানি দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে খণ্ডনের প্রয়াস নেওয়া হয়েছে, তারই তীব্র প্রতিবাদ করেছেন। প্রবন্ধের শেষে তিনি বলেছেন, ‘একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস ফেলতে চাই।’ হায়, পাকিস্তান নামক রাষ্ট্র সে-সুযোগ কাউকে দেয়নি। আবেগ ও কৌতুকের মিশ্রণে অসাধারণ রচনা মুনীর চৌধুরীর ‘মাতৃভাষা’। ‘আমি নিজেও অনেককে জানি, যাঁদের মাতৃভাষা ঘরে আঞ্চলিক বুলি, অফিসে ইংরেজি, প্রণয় নিবেদনে বিশুদ্ধ বাংলা, রোষপ্রকাশে অশ্রদ্ধ উর্দু।’ তারপর তাঁর প্রশ্ন ও উত্তর: ‘আমার মাতৃভাষা কী? বাংলা ভাষা। বিচিত্ররূপিনী বাংলা ভাষা। ...আমার মাতৃভাষার ষোল শত রূপ। তারা সব পদ্মিনীর সহচরী।’ সেই মাতৃভাষার জন্যে এদেশের মানুষ আত্মাহুতি দিয়েছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারীতে। তার বিশ বছর পূর্তিতে সিরাজুদ্দীন হোসেন লেখেন ‘বায়ান্নর আত্মদান আর একাত্তরের প্রতিশ্রুতি’। তখনো অসহযোগ আন্দোলন শুরু হয়নি। ভবিষ্যৎদ্রষ্টার মতো সিরাজুদ্দীন হোসেন লিখলেন, ‘যেন আর ৬ দফা নয়, এক দফাতেই সবকিছুর নিষ্পত্তি হবে।’
আলীম চৌধুরী লিখেছেন, দেশে চিকিৎসাব্যবস্থার অপ্রতুলতা নিয়ে। দেশটাকে এগিয়ে নিতে চাইলে তো সবক্ষেত্রেই অগ্রসর হতে হবে। মোহাম্মদ মোর্তজা আস্থাবান ছিলেন শ্রেণিহীন সমাজে—তাই ‘শহীদ আসাদের মন্ত্র জনগণতন্ত্র’ প্রবন্ধে তিনি ব্যাখ্যা করেছেন, তাঁর কাছে কেন গণতন্ত্র যথেষ্ট নয়, কেন তাঁর কাম্য জনগণতন্ত্র। আলতাফ মাহমুদের সুরে রয়েছে শহীদুল্লা কায়সারের লেখা গান। গানটিকে সমকালীন দেশকালের পটভূমিতে দেখা যায়, আবার দেশকালাতীতভাবে আন্তর্জাতিক পটভূমিতেও তা অর্থপূর্ণ হয়। আন্তর্জাতিকতার কথা খুব স্পষ্ট করে বলেছেন গোবিন্দচন্দ্র দেব। দুটো বিশ্বযুদ্ধের বিভীষিকা তাঁকে অনুপ্রাণিত করে এক বিশ্বের স্বপ্ন দেখতে, যুদ্ধের বদলে স্থায়ী শান্তির উদেযাগে উৎসাহিত হতে।
শহীদ বুদ্ধিজীবীদের এসব লেখা একসঙ্গে তুলে ধরার বা পাঠ করার সময়ে মনে রাখতে হবে, এঁরা সবাই যাঁর যাঁর মতো চিন্তা করতেন। সেই বৈচিত্র্যের মধ্যে একটি ঐক্য ছিল—লোকহিত। এই লক্ষ্য থেকে তাঁরা কখনো বিচ্যুত হননি। তাই চরম মূল্য তাঁদের দিতে হয়েছে।