রঙিন ঢাকার রঙিন গলি

২০ জুন, শুক্রবার। সকাল থেকে আকাশ মেঘলা, বৃষ্টিও হয়ে গেছে কয়েক পশলা। এমন সময় কেউ যদি পুরান ঢাকার কলতাবাজারের ওয়াসা পাম্পের গলিতে পা রাখতেন, মুগ্ধ হয়ে তিনি অন্তত একবার হলেও ধাঁধায় পড়ে যেতেন যে এটা কি রিও, না সাও পাওলো, নাকি ঢাকা!
বিশ্বকাপের দেশ ব্রাজিল থেকে প্রায় নয় হাজার ৫৯ মাইল দূরে অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকার এক সাধারণ গলিতে তৈরি হলো সেদিন এক অসাধারণ ঘটনা, ‘ওয়ার্ল্ড কাপ গোল-ই’। সবাই অবাক হয়ে দেখল পৃথিবীর অন্যতম ফুটবল-পাগল এক জাতিকে। যাদের কাছে দূরত্ব কোনো বাধাই না, যারা চিরকালই একাত্মÄহয়ে আছে ফুটবল জাদুকর মেসি-নেইমার-রোনালদোর আত্মার সঙ্গে! সেই ভালোবাসার আনন্দে গলির আশপাশের বাড়িঘর, দেয়াল, রাস্তাঘাট রং-তুলি আর স্পের রঙের পরশে রঙিন হয়ে উঠল খেলোয়াড় আর ফুটবল মোটিফের সাজে। গলির ওপরের আকাশ ছেয়ে গেল ৩২টি দেশের রঙিন পতাকায়। গাছে গাছে আর ইলেকট্রিক তারে ঝুলল নানা রঙের ফুটবল। সেই রঙিন সাজ দেখতে হাজির হলো পুরান ঢাকার হাজার হাজার মানুষ, বিভিন্ন বাড়ির জানালা-বারান্দা দিয়ে উঁকি দিল হাস্যোজ্জ্বল গৃহিণীর মুখ। তরুণ-তরুণীরা নেমে এলেন রাস্তায়। শাকিরার বিশ্বকাপ সংগীত ‘লা লা লা লা’র সঙ্গে গাইল আর নাচলেন তাঁরা দিনভর।
‘ভাবনা ছিল শুরুতে খুবই ছোট। সারা পৃথিবী ফুটবল নিয়ে মেতে আছে নানা অনুষ্ঠানে৷ আর আমরা শুধু প্রিয় দেশ আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা ওড়ানো নিয়ে মারামারি করব, এর বাইরে কি কিছু করা যায়? তখনই মনে হলো আচ্ছা, পৃথিবীর বিভিন্ন দেশে তো গ্রাফিটি হয়। আমাদের পুরান ঢাকার একটি গলিতে এ রকম কিছু করে ফেললে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। একে একে আমাদের সঙ্গে যোগ দিতে থাকল পেশার মানুষ এবং বেশ কিছু স্বেচ্ছাসেবক। মহা আনন্দে যোগ দিল এলাকাবাসী।’ জানালেন বিশ্বকাপ গোল-ই-এর অন্যতম উদ্যোক্তা ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সাবহানাজ রশীদ।
বিশ্বকাপ গোল-ই-এর আরেক উদ্যোক্তা ‘জানালা বাংলাদেশ’-এর প্রধান তামজিদ সিদ্দিক জানালেন, ‘পুরোটাই আসলে আমরা করেছি আনন্দ করার জন্য। আমাদের বন্ধুবান্ধব, এলাকাবাসীসহ অনেকেই যারা কোনো দিন তুলি হাতে ধরেনি, সেদিন তুলি দিয়ে দেয়াল রং করেছি, গানের তালে সারা দিন নেচেছি। আর আমরা দেখাতে চেয়েছি আমরা বিশ্বকাপে খেলছি না তো কী হয়েছে, নিশ্চয়ই একদিন খেলব। আমরা সবাই ফুটবল ভালোবাসি।’
বিশ্বকাপের এই গলির পুরো উদ্যোগে সহযোগিতা করেছে বিডিজবস ও রবি। লিটার লিটার রঙে আঁকা পুরান ঢাকার এই গলিটি একই রকম রঙিন থাকবে বিশ্বকাপের পুরো সময়েই। পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজের পাশ দিয়ে যে গলিটি ঢুকে গেছে, সেখান দিয়ে একটু এগোলেই পাবেন গলিটি। চাইলে আপনিও বিশ্বকাপ চলাকালে যেকোনো সময় সেখান থেকে ঘুরে আসতে পারেন। এ ছাড়া বিশ্বকাপ গোল-ই-এর সারা দিনের কর্মকাণ্ড একঝলকে দেখতে ক্লিক করতে পারেন এই ভিডিওটিতে: www.youtube.com/watch?v=AjWK_i9sWK8&feature=youtu.be