রবীন্দ্রনাথ এ যুগে জন্মালে
রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই যুগে জন্মাতেন, কেমন হতো তাঁর বইগুলো?

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (সোনার তরী)
সোনা পাচার নিয়ে অসাধারণ স্যাটায়ার কবিতা। মহাকালের সঙ্গে সোনার সম্পর্ক নিয়ে নানা রকম উপমায় কবিতাটি হয়ে উঠত আরও বেশি গভীর।
দ্য ফেসবুক (যোগাযোগ)
বইটিতে রবীন্দ্রনাথ বোঝাতে চাইতেন, মানুষমাত্রই ফেসবুক ইউজার। এর পক্ষে তুলে ধরতেন একাধিক জোরালো যুক্তি। তাঁর ব্যক্তিগত জীবনে ফেসবুকের ভূমিকাও তুলে ধরতেন কাহিনির প্রয়োজনে। বইটি বাজারে এলে রবীন্দ্রনাথ ঠাকুর আবার নোবেল পুরস্কার পেতেন নিশ্চিত।
দ্য লাস্ট স্ট্যাটাস (শেষের কবিতা)
তরুণ-তরুণীর রিলেশনশিপ স্ট্যাটাস, সেলফি, চেক–ইন নিয়ে রোমাঞ্চকর নিটোল প্রেমের উপন্যাস হতো এটি। উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুর আলোকপাত করতেন মানবমনের নানা দিকের ওপর। এটি পড়লে জানা যেত কোন দশ উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই অনেকগুলো প্রেম করা যায়!
লগইন লগ আউট (ঘরে-বাইরে)
মানুষ সমাজবদ্ধ প্রাণী। এ বিষয়টিই ফুটে উঠত এই বইয়ে। মানুষই মানুষের ফ্রেন্ড হয়, মানুষই মানুষকে ব্লক করে আনফ্রেন্ড করে। রবীন্দ্রনাথ সমাজবদ্ধ মানুষের যোগাযোগ এবং এর সমস্যাগুলো গভীরভাবে তুলে আনতেন ‘লগইন–লগ আউট’ বইয়ে।
ছাত্রলীগ (নৌকাডুবি)
রাজনৈতিক পটভূমিতে লেখা একটি উপন্যাস হতো এটি। পরিবারের দুষ্টু সন্তানের কারণে একটি পরিবার কী ধরনের সমস্যায় পড়ে, তার বিস্তারিত বর্ণনা পাওয়া যেত উপন্যাসটির পাতায় পাতায়। বইটি বাজারে এলে লেখকের হাজতবাসেরও আশঙ্কা থেকে যেত!