
গত শতাব্দীর ষাটের দশকে ছায়ানট রমনা বটমূলে নববর্ষের প্রভাতে গানের আয়োজন শুরু করে। প্রথম দিকে খুব কম শ্রোতা সেখানে যেতেন। আমরা তখন ঢাকা কলেজে পড়তাম। সে সময়ের তুখোড় ছাত্রনেতা প্রয়াত সাইফউদ্দিন আহমেদ মানিক আমাদের বললেন, পয়লা বৈশাখ কাকডাকা ভোরে বড় মিছিল নিয়ে রমনা বটমূলে যেতে হবে। আমরা মহা-উৎসাহে প্রস্তুতি নিতে শুরু করলাম। মানিক ভাই বললেন, হোসেনি দালান এলাকার ‘কৌয়া মিয়া’ নামে পরিচিত একজনের কাছ থেকে গ্যাসবেলুন হাতে নিয়ে উৎসবের আমেজে আসবে। আমরা গিয়ে তাঁকে ধরলাম, খুব ভোরে ১০-১৫টি গ্যাসবেলুন দিতে হবে। তিনি মহানন্দে রাজি হলেন। আমরা তো খুব ভোরে সমবেত হলাম হোসেনি দালানে ছাত্র ইউনিয়ন অফিসে। কিন্তু ‘কৌয়া মিয়া’ আসছেন না। আমরা অস্থির। তাঁর বাসায় ছুটে গেলাম। তিনি ঘুম থেকে উঠে গোটা বিশেক গ্যাসবেলুন ফুলিয়ে দিলেন। সেগুলো আমগাছের কচি কচি ডাঁটিতে বেঁধে আমরা ‘এসো হে বৈশাখ...’ গান গেয়ে রমনা বটমূলে ছায়ানটের গানের অনুষ্ঠানে যোগ দিলাম। এরপর প্রতিবছরই আমাদের কাছে এই উৎসব দারুণ আনন্দের দিনে পরিণত হয়। এখন তো রমনা বটমূলে নববর্ষের প্রভাতে মানুষের ঢল নামে।