
অনেকেই বলেন, দেশে কোনো সমস্যা নেই। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। সংবাদের শিরোনামে যেসব দেখছেন, এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই...। এমন কথা যাঁরা বলেন, তাঁদের জ্ঞানের প্রতি আন্তরিক শ্রদ্ধা রাখতেই হবে। না জেনে কথা বলার মতো মানুষ তাঁরা নন। কিন্তু যখন দেখবেন, রস+আলো (অর্থাৎ যে কাগজের দিকে আপনি এখন তাকিয়ে আছেন এবং ভ্রু কুঁচকে ভাবছেন, ‘কেন আমি এখনো এই জিনিস পড়ছি?’) ৪০০তম সংখ্যা প্রকাশ করে ফেলেছে, তখন আপনার মনে হতেই পারে, দেশের পরিস্থিতি ভালো না।
আপনি হয়তো ভাবছেন, রস+আলো কীভাবে ৩৯৯ সংখ্যা পার করে ৪০০–তে পা দেয়? এ তো অসম্ভব। কিন্তু মনে রাখবেন, অসম্ভবকে সম্ভব করতে শুধু অনন্ত জলিল নয়, রস+আলো বাহিনীও পারে। তার প্রমাণ তো আছেই, আপনার হাতে শোভা পাচ্ছে রস+আলোর ৪০০তম সংখ্যা। এবং এটাই প্রথম। এর আগে কখনোই রস+আলোর ৪০০তম সংখ্যা প্রকাশিত হয়নি।
আপনার বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস আসার ‘সম্ভাবনা’ আমরা উড়িয়ে দিচ্ছি না। আমাদের ধারণা, আপনি কিছুটা হতাশ হয়ে ভাবছেন, জাতীয় জীবনে কোনো অবদান না রাখা একটা হালকা ট্যাবলয়েড ৪০০ করে ফেলল? কেউ কোনো পদক্ষেপ নিল না? হতাশ হওয়ার কিছু নেই। দেশে এত তুলকালাম কাণ্ড হচ্ছে সেগুলোর ব্যাপারেই কারও ভ্রুক্ষেপ নেই, আর এ তো রস+আলোর ৪০০ সংখ্যা! দেশের রিজার্ভ চুরির ব্যাপারটাই কেউ টের পায় না, সেখানে রস+আলোর ৪০০ সংখ্যার বিষয়টা কেউ টের পাবে, এটা নিশ্চয় আপনি আশা করেন না। আমরা নিজেরাও তো টের পাইনি। এক সুন্দর সকালে সম্পাদক বললেন, ‘রস+আলোর ৪০০ সংখ্যা নিয়ে ভাবেন।’ আমি তো অবাক—
: ভাই, এত কিছু থাকতে ৪০০ সংখ্যা কেন?
: কারণ, পরবর্তী সংখ্যাটাই ৪০০তম সংখ্যা।
ঢাকার ৪০০ বছর নিয়ে আলোচনা হলেও রস+আলোর ৪০০ সংখ্যা নিয়ে যে কিছু হবে না, এটাই স্বাভাবিক। ফলে নিজের গিটার নিজেই বাজাচ্ছি। রস+আলোর যাত্রাকে দুই ভাগে ভাগ করা যায়—সিমু নাসের আমল এবং মাহফুজ রহমান আমল। শুরুটা করেছিলেন সিমু নাসের। দীর্ঘদিন রস+আলো সম্পাদনা করার পর হয়তো একধরনের অপরাধবোধ চলে এল তাঁর মধ্যে। এভাবে লোক হাসানোর কোনো মানে হয়? সিরিয়াসলি দেশের জন্য কিছু করা উচিত। শিশু-কিশোর প্রজন্মকে আনা উচিত আলোর পথে। ফলে তিনি এখন কিশোর আলোর নির্বাহী সম্পাদক।
স্বয়ংক্রিয়ভাবেই রস+আলোর ভার চলে এল মাহফুজ রহমানের কাঁধে। শোনা যায়, তিনি পৃথিবীর একমাত্র সম্পাদক, যাঁকে চা-বিস্কুট খাওয়াতে হয় না। তিনিই প্রদায়কদের চা-বিস্কুট খাওয়ান। অন্য সম্পাদকেরা হয়তো দেখা হলেই বলেন, ‘কী, লেখা কই?’ মাহফুজ ভাই ব্যতিক্রম। দেখা হলেই তিনি প্রশ্ন করেন, ‘লাঞ্ছিত হবেন (লাঞ্চ করবেন?)?’ লেখার বিল দিন বা না দিন, চা-নাশতা বা দুপুরের খাবারের বিল সব সময়ই তিনিই দেন। এমন মহৎ, নিবেদিতপ্রাণ পরোপকারী সম্পাদক পৃথিবীতে কমই আছে।
রস+আলোর শুরুর দিকের সদস্যরা এখন অনেক ব্যস্ত। তাওহিদ মিলটন আগে রস+আলোর আইডিয়া নিয়ে ভাবতেন, এখন ভাবেন বিজ্ঞাপনের আইডিয়া। মিলটন ভাই যা করেন, কামরুল হাসানকেও যেন তা-ই করতে হবে। তাই তিনিও রস+আলো বাদ দিয়ে বিজ্ঞাপনের ভাবনায় সময় ব্যয় করেন। লেখার খুব ইচ্ছা তাঁর, শুধু বাসার কম্পিউটার নষ্ট বলে লিখতে পারেন না। অফিসেও পিসি আছে, কিন্তু অফিসে বসে অন্য কাজ করা তাঁর একদম পছন্দ না। বিজ্ঞাপনের লাইনে গেছেন মেসসাহিত্যের চর্চা করা কাসাফাদ্দৌজা নোমানও। তবে বিজ্ঞাপনের চাপে তাঁর সাহিত্যকর্ম থেমে থাকেনি। উল্টো অবস্থা মহিতুল আলমের। ই-বই প্রকল্পের সমন্বয়ক তিনি। গুগলে সার্চ দিয়ে লেখক খোঁজেন। একটা লেখক পেলেই চকচকে চোখে বলেন, ‘আপনার বইটা দিন, ই-বুক করি।’ একবার নাকি এক দলিল লেখককেও ই-বুক করার কথা বলেছিলেন তিনি! দেশের যে কী অবস্থা! দারুণ সব আইডিয়া বের করতেন যে মেহেদী মাহমুদ আকন্দ, তিনি এখন ম্যাজিস্ট্রেট হয়ে বের করেন খাদ্যের ভেজাল! আসিফ মেহ্দীও বিসিএস দিয়ে এখন বড় কর্মকর্তা। সরকারি কাগজপত্র লিখেই কূল পান না, রস+আলোর লেখা লিখবেন কখন? উনি তো আর শাত শামীমের মতো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন। মিলটন ভাই অবশ্য বলেন, ‘শামীম তো অধ্যাপক হবেই, আগেও বেশি পক পক করত।’ ডিএসএলআরধারী শিক্ষার্থীরা প্রোফাইল পিকচার তুলে দিলে তাদের বিশেষ স্নেহের চোখে দেখেন বলে সুনাম আছে শাত শামীমের। সত্য–মিথ্যা জানি না।
তবে এটা সত্য যে রাকিব কিশোর আগে বাজেট বক্তৃতার শব্দ আর আকাশের তারা গুনতেন। এখন সুন্দরবনের বাঘ গোনেন। আর সিলেটপ্রবাসী চিকিৎসক মাশুদুল হক গোনেন রোগী। আইডিয়া নয়, এখন প্রেসক্রিপশন লেখেন তিনি। আরেক চিকিত্সক মহিউদ্দিন কাউসার অবশ্য এখনো লিখছেন রস+আলোয়। তবে প্রায়ই প্রেসক্রিপশনে আইডিয়া আর আইডিয়ার কাগজে প্রেসক্রিপশন লিখে পাঠান তিনি।
এত ব্যস্ততার ভিড়ে রস+আলোর এই সদস্যদের লেখার পরিমাণ মুস্তাফিজের বোলিংয়ে ছক্কা মারার মতোই অল্প। ফলে সবাই ‘এসেছে নতুন প্রদায়ক, তাকে ছেড়ে দিতে হবে স্থান’ টাইপ ভাব নিয়ে বসে থাকেন। নতুনেরাও রস+আলো বাহিনীর উদ্ভট কার্যক্রম এগিয়ে নিচ্ছেন ভালোভাবেই। আব্দুল্লাহ মামুর যেমন আস্ত একটা গল্প লিখে ফেলেন প্রাগৈতিহাসিক আমলের মোবাইল ফোনে। গ্রীষ্মে যখন ভার্সিটি ছুটি হয়ে যায়, তখন গ্রামে গিয়ে সেই ফোন ছুড়ে গাছ থেকে আমও পাড়েন তিনি। রোদ থেকে বাঁচতে সব সময় হ্যাট পরেন মো. মিকসেতু (যদিও আমাদের ধারণা তাঁর মাথার চুল পড়ে যাচ্ছে)। লেখা দিতে বললেই ভাষা খুঁজে পান না মাসউদ ফোরকান, অথচ তিনি নিজেকে ভাষাবিজ্ঞানের ছাত্র বলে দাবি করেন!
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, আর কার্টুনিস্টরা স্বর্গে গেলেও কার্টুন আঁকেন। এই নীতিতে অটল আছেন কার্টুনিস্ট সাদাত, শিখা, জুনায়েদ আজীম চৌধুরী। যেখানেই যান, রস+আলোর কার্টুন না আঁকলে নাকি কিছুতেই ঘুমাতে পারেন না তাঁরা। জুনায়েদ ভাই কদিন আগে ভুটানে গিয়েছিলেন। ঠান্ডা, সুন্দর দেশটি ছেড়ে দ্রুত চলে এসেছেন একটা কারণে—রস+আলোর প্রচ্ছদ করতে হবে।
তবে রস+আলোর শুরুতে আমরা যেমন ভাবিনি পদ্মা সেতু হবে, তেমনি অন্যরাও ভাবেনি যে রস+আলো ৪০০ সংখ্যা বের করবে। অবশ্য ঝালমুড়ি বিক্রেতাদের কথা আলাদা। তারাই রস+আলোর প্রকৃত সমঝদার। সেই ২০০৮ থেকে দেশের একটা বড় অংশের ঠোঙার সরবরাহ দিচ্ছে রস+আলো। তারপরও অনেকে বলেন, রস+আলো আগের মতো নেই। এ কথার সঙ্গেও আমরা সম্পূর্ণ একমত। রস+আলো আগে ছিল ম্যাগাজিন। এখন হয়েছে ট্যাবলয়েড। অনেকে অবশ্য ম্যাগাজিন থেকে ট্যাবলয়েডের এই বিবর্তন মেনে নিতে পারেন না। কারণটাও আমরা জানি। ম্যাগাজিন দিয়ে বেশ ভালোভাবেই হাতপাখার কাজটা চালিয়ে নেওয়া যেত, ট্যাবলয়েডে সে সুযোগ কই?
ব্রায়ান লারা ৪০০ করে তবেই থেমেছিলেন। রস+আলো কোথায় গিয়ে থামবে কে জানে? ৪০০ এখন কোনো ফরম্যাটেই নিরাপদ নয়। তাই দেখি, কতদূর যাওয়া যায়। যাওয়ার আগে বলি, রস+আলো থেকে যদি সত্যিই রস বা আলো চান, তাহলে দুটো কাজ করুন। রস+আলোর অর্ধেক পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। বাকি অর্ধেক দিয়ে ‘জ্বালো, আগুন জ্বালো’ স্লোগান দিয়ে জ্বালুন আগুন। রস ও আলো দুটোই পাবেন।