রস+আলোর কবলে ম্যাট

ম্যাট উয়েরকার। পুলিৎজার পুরস্কারজয়ী মার্কিন কার্টুনিস্ট। যুক্তরাষ্ট্রের পলিটিকো পত্রিকায় কার্টুন আঁকছেন নিয়মিত। সম্প্রতি এসেছিলেন বাংলাদেশে। প্রথম আলো ও দি আমেরিকান সেন্টারের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছিল এক কর্মশালার। সেই কর্মশালায় রস+আলো টিমকে হাতে-তুলিতে কার্টুন আঁকা শেখালেন ম্যাট। টিম রস+আলোর মুখোমুখি হলেন কর্মশালা শেষে।
আপনার নামের আগে ম্যাট কেন? গ্লসি হলে কী হতো?
আমার নাম যদি মাইকেল গ্লস হতো, তাহলে হয়তো গ্লসি লেখা যেত।
কেন কার্টুনিস্ট হলেন?
আসলে কি আমি কার্টুনিস্ট হতে পেরেছি? তবে আমি আঁকতে ভালোবাসি।
কখনো কি মনে হয়, আপনি নিজেই একটা কার্টুন?
কখনো কখনো তো মনে হয়। আচ্ছা, আমি কি দেখতে কার্টুন ক্যারেকটারের মতো? হা হা হা!
ওবামাকে বেশি পচান কেন?
এটাই তো আমার কাজ! ওবামা এখন ক্ষমতায় আছেন, তাই খোঁচাই।
ওবামা যদি বলেন, ‘আপনি আর কার্টুন আঁকতে পারবেন না’, তখন কী করবেন?
আরও বেশি করে আঁকব!
কার্টুন এঁকে কোনো রাজনীতিকের ঝাড়ি খেয়েছেন কি? কিংবা হুমকি?
নাহ্, এমনটা কখনো হয়নি। যাদের কার্টুন আঁকি, তারা খুব মজা পায়। বলে, ‘দারুণ এঁকেছ তো! আমি এটা আমার ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখব।’
সেই বিরক্তিকর মুহূর্ত, যখন...
কেউ আমার কার্টুন ঠিকমতো বুঝতে পারে না।
কিসের চিন্তায় আপনার চুল পড়ে যাচ্ছে?
আমার চুল পড়ে যাচ্ছে! কই, না তো! তবে পড়তেও পারে। কারণ, রাজনীতি নিয়ে কার্টুন আঁকার সময় মাথার চুল টানতে থাকি তো!
কেউ যদি আপনাকে বলে, ‘আপনি কি হলিউড অভিনেতা ম্যাট ডেমন?’ কী উত্তর দেবেন?
বলব, হ্যাঁ, আমি ম্যাট ডেমন!
এক দিনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে প্রথম কোন সিদ্ধান্তটা নেবেন?
কংগ্রেসের সদস্য বানাব কার্টুনিস্টদের।
দ্বিতীয় সিদ্ধান্ত?
দেশের সব আদালতে বিচারক হিসেবে কার্টুনিস্টদের বসিয়ে দেব। এতে দেশে শান্তি আসবে।
আপনি থাকেন চিড়িয়াখানার পাশে। তার মানে আপনার প্রতিবেশী হলো নানা রকমের জীবজন্তু। ব্যাপারটা কেমন লাগে?
ওদের কাছ থেকে অনুপ্রেরণা পাই! পলিটিক্যাল জীবজন্তুগুলো তো চিড়িয়াখানার বাইরে থাকে। তাই অনুপ্রেরণা নিতে চিড়িয়াখানাতেই যাই। বিশেষ করে বানরের খাঁচার সামনে গেলে ওদের সঙ্গে সবচেয়ে বেশি মিল খুঁজে পাই।
অসম্ভবকে সম্ভব করাই...কার কাজ? ১. বারাক ওবামার? ২. জেমস বন্ডের? ৩. অনন্ত জলিলের?
অনন্ত জলিল কে?
অনন্ত জলিল হলেন বাংলাদেশের সিনেমার নায়ক, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, ব্যবসায়ী...
একসঙ্গে এত কিছু তো ওবামাও হতে পারবেন না! তাহলে এটা নিশ্চয়ই অনন্ত জলিলই হবেন।
তরুণ কার্টুনিস্টদের জন্য কী পরামর্শ দেবেন?
আঁকা চালিয়ে যাও। নিজেদের মতো করে আঁকো। অন্যকে কপি করার থেকে নিজের স্টাইল বেছে নাও। আলাদা কিছু করো। আউট অব দ্য বক্স চিন্তা করো।
পুলিৎজার প্রাইজ না রস+আলোর প্রাইজ—কোনটা বেশি আনন্দের?
অবশ্যই রস+আলোর প্রাইজটা বেশি আনন্দের; ওটা আমার ব্যাগেই আছে।
এখন থেকে আপনাকে যদি বাংলাদেশেই থাকতে হয়, কেমন লাগবে?
অবশ্যই আমি বাংলাদেশে অনেক দিন থাকতে চাই। আমি জানি, বাংলাদেশে থাকতে পারলে আমার ভালো লাগবে। এখানে এসেছি বেশি দিন হয়নি, কেবল বুঝতে শুরু করেছি। আরও বুঝতে চাই বাংলাদেশকে।
সকালে উঠে যদি দেখেন ইংরেজি ভুলে গিয়ে ফটাফট বাংলা বলছেন, কী করবেন?
সোজা বাংলাদেশে চলে আসব; রস+আলোতে কার্টুন আঁকতে শুরু করব। তবে পলিটিকো হয়তো বেশ মন খারাপ করবে।
আপনার কি মনে হয় ঢাকা বসবাসের অযোগ্য?
মোটেও না। যানজট এখানে যেমন আছে, আমাদের ওয়াশিংটনেও আছে। তবে যানজট হলে রিকশা তো অন্তত আছে। এটা বেশ মজার বাহন।
ঢাকার কোন ব্যাপারটা দেখে আপনার কার্টুন আঁকতে ইচ্ছা হয়েছে?
খুব অন্য রকম শহর। বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি। তবে আমার মনে হয় যানজট নিয়ে আঁকব।
রস+আলোর কার্টুনিস্ট হওয়ার প্রস্তাব দিলে কি দৌড়ে পালাবেন?
এটা কি সত্যি সত্যি প্রস্তাব? তোমরা কি ফ্রি কফি দেবে? পলিটিকো কিন্তু আমাকে ফ্রি কফি দেয়।
হ্যাঁ, আমরা দিতে পারি। ফ্রি কফি ফর ফ্রি কার্টুন।
আচ্ছা, তাহলে ভেবে দেখা যায়।
হোয়াট ইজ লাভ?
হা হা হা হা! কার্টুনিস্টের দৃষ্টিতে বলতে পারি, ভালোবাসা হলো কার্টুন আঁকার সময় কারও নাক-কান ছোট করে আঁকা!
ক্যারিকেচার: সাদাত