
১৩ নভেম্বর প্রায় পুরোটা দিন ইক্ষু খণ্ড আর মোমবাতির সমন্বয়ে প্রস্তুতকৃত ‘রস+আলো’ বিতরণ করে পাঠকদের রস ও আলোর জোগান দিয়েছি আমরা। সেদিন ঢাকার বাংলা একাডেমি চত্বরে বসেছিল প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য পাঠক উৎসব—সতেরোয় স্বাগতম। ‘বাদ যাবে না একটি পাঠক’—এই নীতিতে অবিচল ছিল রস+আলো। ফলে কোনো পাঠকই খালি হাতে ফেরেননি। কেউ কেউ অর্জন করেছেন ‘রস+আলো সার্টিফিকেট অব মেরিট’ (অনেকেই মনে করেন, এই সার্টিফিকেট তাঁদের ভবিষ্যৎ জীবন আলোকিত করবে।) পাঠকদের রস ও আলোর জোগান দিতে ছিল আরও নানা আয়োজন।
নিজের ভবিষ্যৎ নিজেই দেখুন
মোজা নিখোঁজ!
কাগজে দুই পয়েন্টের ফন্টে ভবিষ্যদ্বাণী লেখা ছিল। আগ্রহীরা সেখান থেকে পছন্দমতো একটা কাগজ তুলে আতশকাচের নিচে রেখে পড়তেই দেখে ফেলছিলেন নিজেদের ভবিষ্যৎ। একজন তো নিজের কপালের লিখন পড়তে গিয়ে হঠাৎ জুতার ভেতরে কী যেন খুঁজতে লাগলেন। শুকনো মুখে বললেন, ‘ভাই, এখানে তো লেখা কয়েক দিনের মধ্যে ডান পায়ের মোজা হারানোর আশঙ্কা। কিন্তু আজকে সকালে জুতা পরার সময় দেখি ডান পায়ের মোজাটাই নাই! এইটা কী হইল ভাই!’ বেচারা ভবিষ্যদ্বাণী পড়ে ভীষণ হতাশ!
বিচ্ছিন্ন ঘটনাময় পাজল
বাকিটা বুঝে নিন
প্রবীণ এক ভদ্রলোক পাজল মেলাচ্ছেন। দুই মিনিটের জায়গায় প্রায় চার মিনিটে পেলেন সমাধান। পাজলে ফুটে উঠল একটা লেখা,
‘ভাই থামেন, আপনি অত্যন্ত সাফল্যের সঙ্গে পাজলটা মেলাতে পেরেছেন! তবে এটাও একটা বিচ্ছিন্ন ঘটনা।’ প্রবীণ ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, পাজলটা শুধু তাঁরাই মেলাতে পারেন না!
সার্টিফিকেট অব মেরিট
সার্টিফিকেট তাঁর জন্য নয়
এক পাঠক খুব সাফল্যের সঙ্গে রস+আলোর সব আয়োজনে অংশ নিয়ে বিজয়ী হলেন। নিয়মানুযায়ী সব বিভাগে বিজয়ীদের ‘অত্যন্ত মর্মাহত’ হয়ে একটা সার্টিফিকেট দেওয়ার প্রস্তুতি চলছে। পাঠকের নাম জিজ্ঞেস করা হলো। লজ্জায় লাল তো লাল একসময় বেগুনি বর্ণ ধারণ করে বললেন, ‘সার্টিফিকেটটা আসলে আমার জন্য নয়।’ ‘এত কষ্ট করে সব বিভাগে জয়ী হলেন, আর সার্টিফিকেট নেবেন না?’ পাঠকের জবাব, ‘নেব, কিন্তু আমার জন্য না।’ ‘তা হলে কার জন্য?’ পাঠক মুচকি একটা হাসি দিয়ে বললেন, ‘আমার প্রেমিকার জন্য।’
অন্ধকাের ঢিল
নামের সার্থকতা
আয়োজনের বিষয় ‘অন্ধকারে ঢিল’। অন্ধকারে থেকে ঢিল মারতে হবে।
উৎসাহী এক তরুণী পাঠক সেটাই করলেন। ঢিল ছোড়ার কয়েক সেকেন্ডের মাথায় ভয়ানক এক
চিৎকার করে আয়োজনে ব্যবহৃত ওয়্যারলেস ইয়ারফোনটা ছুড়ে ফেললেন মাটিতে। অন্ধকারে ঢিল ছুড়ে কুকুরের ভয়াবহ গর্জন শুনেছেন, ভীষণ আতঙ্কিত! ততক্ষণে ইয়ারফোনের বারোটা বেজে গেছে! আয়োজনের নামটাই সার্থক!

সাকিব আল হাসানের কন্যার নামকরণ
‘সোনামণিদের সুন্দর নাম’–এর পাণ্ডুলিপি
কদিন আগে কন্যাসন্তানের জনক হলেন সাকিব আল হাসান। পাঠক উৎসবে রস+আলো পাঠকদের কাছে বিশ্বসেরা অলরাউন্ডারের মেয়ের জন্য নাম চেয়েছিল। যতগুলো নাম জমা হয়েছে, সেগুলো দিয়ে চাইলেই ‘সোনামণিদের সুন্দর নাম’–জাতীয় বই বের করা যাবে। বাছাইকৃত কয়েকটি নাম ছাপা হলো। বাকি নামগুলো দেওয়া আছে রস+আলোর ফেসবুক পেজে। চাইলে আপনিও নামকরণের মহাসম্মেলনে ‘দলে দলে যোগ দিতে’ পারেন।
কে জানে, সাকিব–শিশিরের পছন্দের নামটা হয়তো আপনার দেওয়া নামের সঙ্গে মিলেও যেতে পারে!
শিশির হাসান (ফারিহা, আগামসি লেন, ঢাকা); শারমিন মিনার (শারমিন মিনার, মিটফোর্ড হাসপাতাল); ফোটা (তপন, সূর্য সেন হল, ঢাবি); আলোমণি (কিশোর কুমার, পুরান ঢাকা); ক্রিকড়ি (কবির কল্লোল, বিজয় একাত্তর হল, ঢাবি); জিশনু (মিতি, মিরপুর, ঢাকা); জেনিফার লরেন্স (আলমগীর, বঙ্গবন্ধু হল, ঢাবি); ছাদিয়া আক্তার ছাকিব (ফয়ছাল, কামরাঙ্গীরচর, ঢাকা); রাজকুমারী (ফারহান, আগামসি লেন, ঢাকা); ক্যাফেইন (শরীফ, ঢাবি); কিংরানি (সুজিত কুমার মণ্ডল, মিরপুর, ঢাকা); শিসা (যাকের আলী, ধানমন্ডি, ঢাকা); শিকিব অথবা সাকির (ফাহিম, মিরপুর, ঢাকা)।
থোতা মুখ ভোঁতা
ভালোবাসা কেটে শুভেচ্ছা!
মাঝ বয়সী ভদ্রলোক অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। ক্যারিকেচার করাবেন। একসময় অপেক্ষার অবসান। বসে গেলেন হট সিটে। দশ মিনিটের মাথায় শেষ হলো হাস্যোজ্জ্বল ক্যারিকেচারটি। সেটা দেখে আক্ষরিক অর্থেই ভদ্রলোকের থোতা মুখ ভোঁতা হয়ে গেল। আতঙ্কিত মুখে বললেন, ‘আপা, এইটা কী করলেন?’ নারী কার্টুনিস্ট নিজের আঁকার ব্যাপারে সন্দিহান, ‘খারাপ এঁকেছি?’ ভদ্রলোক উত্তেজিত ভঙ্গিতে বললেন, ‘আরে আপা, আপনি এইখানে লিখছেন, “...ভাইকে (সংগত কারণে নাম গোপন রাখা হলো) ভালোবাসা”! ওয়াইফ এইটা দেখলে তো খবরই আছে!’ শেষমেশ কী আর করা! ভালোবাসা কেটে শুভেচ্ছা লিখে হাঁপ ছাড়লেন কার্টুনিস্ট।
পাঠক উৎসবে রস+আলোর স্টলে বসে কিংবা দাঁড়িয়ে পাঠকদের যাঁরা দিনভর রস ও আলোর জোগান দেওয়ার মতো মহান দায়িত্ব পালন করেছেন—
মাহাতাব রশীদ, তানজীম আহমাদ, সাদমান মুনতাসির, মাসউদ ফোরকান, মো. মিকসেতু, জুনায়েদ আজীম চৌধুরী ও শিখা