রসেজমিন নির্বাচন প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি রসেজমিন পর্যবেক্ষণ করেছে রস+আলোর প্রতিনিধিদল। তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাপ্ত তথ্য পাঠকদের জন্য তুলে ধরা হলো।

জাল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
‘আমার ভোট তারা দেবে, যাকে খুশি তাকে দেবে’—এই স্লোগান সামনে রেখে সফলভাবে শেষ হলো সিটি করপোরেশন নির্বাচন। ভোটকেন্দ্রে জাল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে সকাল থেকেই। জাল ভোটাররা রস+আলো প্রতিনিধিদলের কাছে অভিযোগ করেন, বৈধ ভোটাররা তাঁদের ভোট দানে বাধা দেন। অথচ পুলিশ বৈধ ভোটারদের কেন্দ্র থেকে বের না করে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এ ব্যাপারে জাল ভোটাররা নির্বাচন কমিশনের কাছে ভোট দেওয়ার সময় বাধাদানের জন্য কয়েকজন বৈধ ভোটারের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ জমা দেবেন বলে জানা যায়।

জনৈক জাল ভোটারের সঙ্গে কথোপকথন
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক জাল ভোটারের সঙ্গে রস+আলো প্রতিনিধিদলের আলাপচারিতার লিখিতরূপ পাঠকদের জন্য তুলে ধরা হলো—
রস+আলো: সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিত নিয়ে কিছু বলুন।

জাল ভোটার: এবারের নির্বাচন পরিস্থিতি নিয়ে আমরা খুব সন্তুষ্ট। জাল ভোটারবান্ধব নির্বাচনী পরিবেশ আগামী নির্বাচনগুলোতেও যেন বজায় থাকে, সে বিষয়ে নির্বাচন কমিশনের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত।
র.আ.: একটির বেশি ভোট দেওয়া আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাহলে এতগুলো ভোট দিয়ে আপনি আইন লঙ্ঘন করেছেন বলে মনে করেন কি?
জা.ভো.: মোটেও না! বরং অনেকগুলো ভোট দেওয়ার জন্য আমাকে পুরস্কার দেওয়া উচিত!
র.আ.: কেন?
জা.ভো.: দেখুন, আমরা নাগরিক সমাজের প্রতিনিধি। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না। সমাজের সর্বস্তরের লোকজনকে নিয়েও আমাদের ভাবতে হবে। সুতরাং, আমার ভোটের পাশাপাশি সমাজের প্রতিনিধি হিসেবে সমাজের অন্যান্য ভোটারদের ভোট দেওয়া নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে! আমি সে দায়িত্ব পালন করেছি মাত্র!


আবার ভোট নেওয়া হবে: ইসি

এদিকে নির্বাচন কমিশন রস+আলো প্রতিনিধিদলকে জানায়, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বৈধ ভোটাররা ঝামেলা করায় যেসব ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল, সেসব ভোটকেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এটি একটি আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ‘আকাশ–কুসুম’ রসেজমিন প্রতিবেদন! নিজ দায়িত্বে বিশ্বাস করুন!