রাউটারেও আক্রমণ!

মার্কিন ইন্টারনেট নিরাপত্তা গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে হ্যাকারদের হাত থেকে রাউটারও নিরাপদ নয়। দূরে থেকেই রাউটার হ্যাক করে সেটিংস পরিবর্তন করে দিতে পারে সাইবার দুর্বৃত্তরা। এরফলে ব্যবহারকারী আর ইচ্ছামতো ইন্টারনেট ব্রাউজ করতে পারেন না। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান টিম কামরুর বিশেষজ্ঞরা রাউটারে আক্রমণের শিকার হওয়া বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। গবেষকেরা দাবি করেছেন, টিপি-লিংক, ডি-লিংক, মাইক্রোনেট, টেনডাসহ অন্যান্য রাউটার হ্যাক করতে পারে সাইবার দুর্বৃত্তরা। রাউটারে ব্যবহূত সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়েই হ্যাকাররা এই হামলা চালায়।
গবেষকেরা জানান, এ বছরের জানুয়ারি মাসে রাউটার হ্যাকারদের বড় একটি নেটওয়ার্কের সন্ধান পেয়েছেন তাঁরা। এই হ্যাকার গ্রুপটি ইউরোপ অঞ্চলে প্রায় তিন লাখ রাউটার হ্যাক করেছেন। তবে তাদের এই রাউটার হ্যাকের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাননি গবেষকেরা।
টিম কামরুর বিশেষজ্ঞ স্যানটোরেলি জানিয়েছেন, রাউটার হ্যাক করতে পারলে এর ভেতরের সেটিংস পরিবর্তন করে দেয় হ্যাকার। এতে ব্যবহারকারী তাঁর ইচ্ছামতো ওয়েবসাইট ভিজিট করতে পারে না। তখন হ্যাকারের সেটিংস অনুযায়ী ওয়েবসাইট ভিজিট, বিজ্ঞাপন ও সার্চ রেজাল্ট দেখতে হয়।
ব্রডব্যান্ড গেটওয়ের ডিএনএস সেটিংস ঠিকমতো পরীক্ষা করে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা।