
K
দাঁত কিড়মিড় করতে করতে ডাক্তারের চেম্বারে ঢুকলেন হরিপদ। চিৎকার করে বললেন, ‘কোথায়? ওই হতচ্ছাড়া চোরটা কোথায়? ডাকুন ওকে।’
চোখ কপালে তুলে বললেন ডাক্তার, ‘কিসের চোর? কোন চোর?’
হরিপদ বললেন, ‘আমার এত সুন্দর বিদেশি হ্যাট চুরি হয়ে গেল, আর আপনি বলছেন কিসের চোর?’
ডাক্তার: কী করে বুঝলেন, আমার এখানেই চুরি হয়েছে?
হরিপদ: আপনার কর্মচারীদের মধ্যে কেউ আমার হ্যাটটা বদলে দিয়েছে। এটা কিছুতেই আমার হ্যাট হতে পারে না। এটা দেখতে অত্যন্ত কুৎসিত এবং নকশাটাও জঘন্য।
ডাক্তার: হুম। তার মানে আপনার চোখের অস্ত্রোপচার সফল হয়েছে।
K
রেগেমেগে অফিস থেকে বাড়ি ফিরলেন শফিক।
শফিকের স্ত্রী বললেন, ‘কী হলো? আজ এত চটে আছো কেন?’
শফিক: আর বোলো না। প্রতিদিন অফিসে যে কর্মচারীর ওপর রাগ ঝাড়ি, সে আজ অফিসে আসেনি। মেজাজটাই খারাপ হয়ে আছে!
K
সেনাপতি: রাজামশাই, রাজ্যের দক্ষিণ দিকে আপনার যত শত্রু ছিল, তাদের সবার ঘর জ্বালিয়ে দিয়েছি।
রাজা: বলছ কী! রাজ্যের দক্ষিণ দিকে তো আমার কোনো শত্রু নেই!
সেনাপতি: ওহ, শত্রু ছিল না? তাহলে আজ থেকে শত্রু তৈরি হলো!
K
ডাক্তার সাহেব বললেন রোগীকে, ‘জিব দেখান।’
রোগী জিব দেখালেন।
ডাক্তার: আমাকে না, ওই জানালার সামনে গিয়ে বাইরের দিকে মুখ করে জিব দেখান।
রোগী: কেন?
ডাক্তার: কারণ, আমি আমার প্রতিবেশীকে একদম দেখতে পারি না। ব্যাটা বদের বদ!
K
রোগী: ডাক্তার সাহেব, আমার খুব দ্রুত রাগ উঠে যায়। কিছুতেই সহজে রাগ নিয়ন্ত্রণ করতে পারি না।
ডাক্তার: কবে থেকে আপনার এই সমস্যা?
রোগী: কবে থেকে, সেটা আপনাকে বলতে হবে? আপনি ডাক্তার হয়েছেন, এই সহজ ব্যাপারটা বোঝেন না? বলি, কী ছাইপাঁশ পড়ে ডাক্তার হয়েছেন...?!
K
মাইকেল কথায় কথায় রেগে যায়। হাসপাতালে তার চিকিৎসা চলছে। একদিন মাইকেলের সঙ্গে দেখা করতে গেল তার বন্ধু জনি।
জনি: কেমন আছো, মাইকেল?
মাইকেল: ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা!
নাহ, মাইকেলের অবস্থার কোনো উন্নতি হয়নি। ভেবে মন খারাপ করে বাড়ি ফিরল জনি। এক মাস পর আবার গেল তাকে দেখতে।
জনি: এখন তোমার শরীরটা কেমন মাইকেল?
মাইকেল: ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা।
আবার মন খারাপ করে ফিরল জনি। এক মাস পর আবার গেল মাইকেলকে দেখতে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, ‘এখন কেমন বোধ করছ মাইকেল?’ মাইকেল জবাব দিল, ‘ভালো।’
উচ্ছ্বসিত হয়ে জনি গেল ডাক্তারের কাছে। বলল, ‘বাহ, আপনারা তো ওকে সুস্থ করে ফেলেছেন! কীভাবে করলেন?’
ডাক্তার: এখন এখান থেকে দূর হ হতভাগা!