রাগারাগির কারণ খিদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটে খিদে থাকলে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অহেতুক রাগারাগি ও বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। দাম্পত্য সম্পর্কে দ্বন্দ্বের মানসিক কারণ খুঁজতে গিয়ে এক গবেষণায় এ তথ্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলছেন, কেউ রেগে যেতে পারেন কি না তাঁর রক্তে শর্করার মাত্রা দেখে নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব। কারও রক্তে শর্করার মাত্রা কম হলে জীবনসঙ্গীর প্রতি তাঁর আকস্মিক রেগে গিয়ে উচ্চস্বরে চেঁচামেচি করার প্রবণতা বৃদ্ধি পায়। বিবাহিত ১০৭টি যুগলের ওপর তিন বছরব্যাপী পরিচালিত দুটি পৃথক পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। এমনিতে ক্ষুধার্ত মানুষ তুলনামূলক বেশি রাগের প্রকাশ ঘটায় বলে ধারণার প্রচলন রয়েছে। যেসব স্থানে মানুষ একসঙ্গে থাকে; যেমন—বাড়ি, বিদ্যালয় বা কারাগার, সেখানে কয়েকটি নির্দিষ্ট সামাজিক পরিস্থিতিতে মানুষের আগ্রাসী আচরণের নেপথ্যে খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও প্রমাণ পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ব্র্যাড বুশম্যান বলেন, পেটের খিদে মানুষের আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, এমনকি সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্ক এতে ক্ষতির মুখোমুখি হয়। ইনডিপেনডেন্ট।