রাঙ্গুনিয়ার ইউনিয়ন তথ্যকেন্দ্রে ইন্টারনেট-সুবিধা নেই
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেশির ভাগ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে ইন্টারনেট-সুবিধা নেই। এগুলোতে এখন শুধু আবেদনপত্র লেখার সুবিধা পাওয়া যাচ্ছে। স্থানীয় লোকজন জানান, এসব কেন্দ্রে কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তিসহ নানা তথ্য পাওয়ার সুবিধা থাকার কথা। কিন্তু অধিকাংশ ইউনিয়ন তথ্যকেন্দ্রে ইন্টারনেট-সুবিধাই না থাকায় সব রকম তথ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।সরেজমিন দেখা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রেই ইন্টারনেট-সুবিধা নেই। এসব কেন্দ্রে ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহূত মডেম দীর্ঘদিন থেকেই অকেজো হয়ে রয়েছে। লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া গ্রামের সরোয়ার আলম (২৬) জানান, ইউনিয়নের তথ্যকেন্দ্রে শুধু দরখাস্ত লেখা হয়। আর ইউনিয়ন পরিষদে ব্যবহূত কিছু ফরম পূরণের কাজ করা হয়।তথ্যকেন্দ্রের পরিচালক আবদুল আলিম এ প্রসঙ্গে বলেন, সরকার ইন্টারনেট ব্যবহারের জন্য মডেম ও সিম দিলেও সেগুলো এখন নষ্ট, যা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব নয়। তবে জরুরি প্রয়োজনে নিজস্ব মডেম ও সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হয়, যেভাবে পূরণ করা হয়েছে মালয়েশিয়া গমনেচ্ছুদের নিবন্ধন ফরম। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি কেন্দ্রের পরিচালক জানান, তথ্যকেন্দ্র পরিচালনার জন্য সরকার কোনো খরচ দেয় না। দেওয়া হয় না পরিচালকদের বেতন বা সম্মানী। তথ্যকেন্দ্রের আয় থেকে সব খরচ বহন করতে হয়। তথ্যকেন্দ্রে দরখাস্ত লেখা ছাড়া অন্য কোনো আয় নেই। ফলে মডেম কেনা বা ইন্টারনেট ব্যবহারে ডেটা ক্রয়ের খরচ বহন করা সম্ভব হয় না। তাই ইন্টারনেট ব্যবহার বন্ধ রয়েছে অধিকাংশ তথ্যকেন্দ্রে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের জন্য সব তথ্যকেন্দ্রে মডেম রয়েছে। তথ্যকেন্দ্রের আয় থেকে ইন্টারনেট ব্যবহারের খরচ বহন করা সম্ভব। এ ব্যাপারে কেন্দ্রের পরিচালকদের সঙ্গে আমার কথা হয়েছে। শিগগিরই সব কটি তথ্যকেন্দ্রে ইন্টারনেট-সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।’ —মো. ইব্রাহিম খলিল, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)