রাঙ্গুনিয়ায় আমাদের গ্রামের ই-সেন্টার
প্রযুক্তি ব্যবহার করে গ্রামে সাধারণ মানুষের বিভিন্ন সেবা দিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের নতুন কেন্দ্র চালু হয়েছে।উপজেলা সদরের ইছাখালী এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আমাদের গ্রামের এই কেন্দ্র পরিচালিত হবে। এ কেন্দ্র থেকে গ্রামের মানুষ নানা ধরনের সুবিধা পাবে। গত শুক্রবার আমাদের গ্রামের এ ই-সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, দারিদ্র্য নিরসনে তথ্যপ্রযুক্তি জাদুর মতো কাজ করে এবং গ্রামের মানুষের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির সুবিধা পৌঁছাতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ সম্ভব হবে। অনুষ্ঠানে আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকীসহ অনেকে বক্তৃতা করেন। প্রযুক্তির সুবিধা নিতে নিজেদের আগ্রহের কথা জানিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নুল আবেদিন প্রথম আলোকে জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে নিজের ভাগ্য ও দেশের সার্বিক উন্নয়নে তথ্যপ্রযুক্তি দিশারীর ভূমিকা পালন করবে। রেজা সেলিম বলেন, ই-সেন্টারের মাধ্যমে দেশ ও বিদেশের আত্মীয়ের খবর, চাকরির খবর, শিল্প ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন, কৃষি ও মত্স্য চাষবিষয়ক তথ্য সংগ্রহ, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফলসহ জানা যাবে অনেক কিছুই। তবে শুধু সেবাই নয়, এই কেন্দ্রর মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। সুখী বাংলা ফাউন্ডেশনের পরিচালক মো. সালাউদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দিতে এই ই-সেন্টার সার্বক্ষণিক খোলা রাখা হবে এবং বিনা মূল্যে ব্যবহার সুবিধা থাকবে। পাশাপাশি প্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। তথ্যপ্রযুক্তির সব সেবা নিয়ে গ্রামে এমন আয়োজনকে বিশেষভাবে দেখছে গ্রামের সাধারণ মানুষ। —মো. ইব্রাহিম খলিল, রাঙ্গুনিয়া