রাজধানীতে ডটকম ফেস্ট শুরু
দেশের ই-কমার্সভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আজ থেকে রাজধানীর বনানীর প্লাটিনাম স্যুটস হোটেলে শুরু হয়েছে ‘ডটকম ফেস্ট’ শীর্ষক মেলা। এই মেলা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
ইভেন্ট প্রমোশন ও টিকেটিং প্ল্যাটফর্ম হ্যালোইভেন্টজ ডটকম ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জুম মাল্টিমিডিয়া আয়োজন করেছে ই-কমার্সের এই মেলার।
উদ্যোক্তারা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত। এতে পণ্য প্রদর্শনীর পাশাপাশি ই-কমার্স খাতের সচেতনতা, প্রচারণা, বিজনেস মডেল, লজিস্টিকসহ বিভিন্ন বিষয়ে তিনটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে।
আজ ‘ডটকম ফেস্ট’ উদ্বোধন করেন বেসিস সভাপতি শামীম আহসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, হ্যালোইভেন্টজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান এবং অন্তর শোবিজের পরিচালক তানভিন রাফিক।
শামীম আহসান বলেন, বাংলাদেশের ভালো ই-কমার্স সাইট থেকে অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কেনাকাটা করা হলে সব ট্রানজেকশন ব্যাংকের গেটওয়ের মাধ্যমে পরিচালিত হয়। এ ক্ষেত্রে ওই ই-কমার্স সাইটের কাছে কার্ডের কোনো তথ্য সংরক্ষিত থাকে না। এ ছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম রয়েছে। তাই বেসিস সদস্যভুক্ত দেশের ভালোমানের ই-কমার্স সাইট থেকে কেনাকাটা খুবই নিরাপদ। বেসিস সরকারের সঙ্গে যৌথভাবে দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতকে এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু, টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা চালু, ভ্যাট প্রত্যাহার, করপোরেট ট্যাক্স মওকুফসহ বিভিন্ন ধরনের পলিসি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছে।’
হ্যালোইভেন্টজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ডটকম ফেস্টের মত উদ্যোগের কারণ হচ্ছে ই-কমার্স ব্যবসাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া। বিজ্ঞপ্তি