রাজধানীতে সাইবার নিরাপত্তার প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তায় আরও শক্তিশালী করে তুলতে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাইবার নিরাপত্তা এবং নেটওয়ার্ক নিরাপত্তা শিরোনামে দুই দিনের এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল।
এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘যেখানে সম্পদ থাকে, সেখানে চোর-ডাকাতের হামলা হয়। এর অর্থ, আমাদের সাইবার সক্ষমতা বাড়ছে।’
এই কর্মশালায় পুলিশ, সিআইডি, এসবি, ডিবি, ডিজিএফআই, এনএসআই, পিবিআই, বিভিন্ন ব্যাংক, বিটিআরসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তারা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ দিচ্ছেন ইন্টারনেট সোসাইটির বিশেষজ্ঞ কেভিন মেইনেল ও অ্যাপনিকের নিরাপত্তা বিশেষজ্ঞ ফখরুল আলম। আয়োজকেরা বলেন, রাষ্ট্রীয় ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেটওয়ার্ক কীভাবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন প্রশিক্ষণার্থীরা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সভাপতি এম এ হাকিম। বিশেষ অতিথি ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক ফকির ফিরোজ আহমেদ।