রাজনীতিক বনাম তিনটি সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁঁকা: শিখা
আঁঁকা: শিখা

বিখ্যাত নির্বাচিত রাজনীতিক বাবুল মিয়া স্টিমার দিয়ে পদ্মা নদী পার হলেন।

পরদিন তিনটি পত্রিকায় আসা খবরগুলো হলো:

l বাবুল মিয়া স্টিমারযোগে পদ্মা নদী পাড়ি দিলেন।

l বাবুল মিয়া আবারও পদ্মায়। জনগণ পদ্মা সেতু নিয়ে শঙ্কিত।

l বাবুল মিয়া সাঁতার পারেন না।

সাবেক রাষ্ট্রপতি আবারও রাষ্ট্রপতি হতে চান কি না
সাবেক রাষ্ট্রপতি আবারও রাষ্ট্রপতি হতে চান কি না

সাবেক রাষ্ট্রপতি আবারও রাষ্ট্রপতি হতে চান কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ওই সাবেক বলেন, ‘আমি আর রাষ্ট্রপতি হতে চাই না, আমি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি।’

পরদিন তিনটি পত্রিকায় আসা খবরগুলো হলো:

l এবার প্রধানমন্ত্রী হতে চান সাবেক রাষ্ট্রপতি।

l প্রধানমন্ত্রীকে সরিয়ে ফেলার হুমকি দিলেন সাবেক রাষ্ট্রপতি।

l এই বয়সেও তাঁর স্বপ্নে ব্যাপক গন্ডগোল দেখা যাচ্ছে!

তিনটি সম্মানসূচক ডিগ্রি
তিনটি সম্মানসূচক ডিগ্রি

তিনটি সম্মানসূচক ডিগ্রি অর্জন উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকলেন বিশিষ্ট রাজনীতিক হাসান মিয়া।

পরদিন তিনটি পত্রিকায় আসা খবরগুলো হলো:

l তিনটি সম্মানসূচক ডিগ্রি অর্জন করলেন হাসান মিয়া।

l নিখোঁজ সংবাদ: তিনটি ডিগ্রি পাওয়া গেছে। কারও ডিগ্রি হারিয়ে গেলে উপযুক্ত প্রমাণসহ যোগাযোগ করুন।

l হাসানকে তৃতীয় ডিগ্রিটি দেওয়া হয়েছিল কারণ, তাঁর দুটো ডিগ্রি আছে। দ্বিতীয়টি দেওয়া হয়েছিল, কারণ ইতিমধ্যেই তাঁর একটা ডিগ্রি আছে। আর প্রথমটা দেওয়া হয়েছিল তাঁর একটাও ডিগ্রি ছিল না বলে।

আঁঁকা: শিখা
আঁঁকা: শিখা

বিশাল কাভারেজ পাওয়া এক অপকর্মের পর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ঘোষণা দিলেন, অপরাধীকে তাঁরা চিনতে পেরেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে পাকড়াও করা হবে।

পরদিন তিনটি পত্রিকায় আসা খবরগুলো হলো:

l ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীকে পাকড়াও করা হবে বলে ঘোষণা দিলেন মন্ত্রী।

l মাননীয় মন্ত্রী ওই অপরাধীকে পালানোর জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন।

l অপরাধী তাঁর পরিচিত বলে জানালেন মন্ত্রী মহোদয়।

আঁঁকা: শিখা
আঁঁকা: শিখা

সমাজের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা দুর্নীতির ভাইরাসের চিকিৎসা করা হবে বলে জানালেন বিরোধীদলীয় নেতা জামাল উদ্দিন ওরফে বকলম জামাল।

পরদিন তিনটি পত্রিকায় আসা খবরগুলো হলো:

l দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেন জামাল উদ্দিন।

l নিজেকে চিকিৎসক বলে দাবি করলেন এইট পাস বকলম জামাল।

l নিজের দেহের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা দুর্নীতির ভাইরাসের চিকিৎসা করাবেন না জামাল উদ্দিন ওরফে বকলম জামাল।

প্রিয় পাঠক, লেখাটি এখানেই সমাপ্ত। এখন আপনাদের জন্য একটি কুইজ। ওই সংবাদগুলো প্রকাশের পর বেশ কয়েকজন সাংবাদিক পিটুনির হুমকি পেয়েছেন বলে জানা গেছে। প্রশ্ন হচ্ছে, কয় নম্বর খবরের জন্য তাঁরা হুমকি পেয়েছেন? নিশ্চয়ই ভাবছেন দুই ও তিন নম্বর খবরগুলোর জন্য। কিন্তু না, উত্তর হচ্ছে এক নম্বর। অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই! তাঁদের বিশ্বাস এক নম্বর খবর মানে হলো আলোচনায় না থাকা। রাজনৈতিক ক্যারিয়ারের জন্য দুই ও তিন নম্বরই জরুরি, খুব জরুরি।