রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে ওয়েবসাইট চালু
রাজনীতিতে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে সচেতনতা তৈরি করতে একটি ওয়েবসাইট চালু করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)। ‘নারীর জয়ে সবার জয়’ (www.narirjoyeshobarjoy.org) নামে এই ওয়েবসাইটে তৃণমূলপর্যায়ে রাজনীতিতে অংশ নেওয়া নারীদের নানা খবর, নারী সংগঠনের তথ্য, ডিআইয়ের কার্যক্রম সম্পর্কে জানা যাবে।
গতকাল বুধবার ঢাকায় ডিআইয়ের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এ সময় উপস্থিত ডিআইয়ের তৃণমূল কার্যক্রমের পরিচালক কেটি ক্রোক বলেন, নারীর জয়ে সবার জয়ে নেটওয়ার্কের সঙ্গে এখন পর্যন্ত চার হাজারের বেশি নারী সম্পৃক্ত রয়েছেন। তাঁরা তাঁদের স্থানীয় মূল রাজনৈতিক দলের কমিটিকে সেবা দিতে এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের অফিসগুলোর সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। রাজনীতির বিভিন্ন পর্যায়ের নেত্রীদের পরিচিতিও আছেএতে।বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও এ সাইটটির তথ্য পাওয়া যাবে।
ডিআইয়ের অনুষ্ঠান কর্মকর্তা লিপিকা বিশ্বাস ও সানিয়া রহমান জানান, তৃণমূল পর্যায়ের নারীনেত্রীদের যাবতীয় তথ্য এই ওয়েবসাইটটিতে পাওয়া যাবে। রাজনীতিতে সক্রিয় নারী এবং রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও এ ক্ষেত্রের নারীদের সম্পৃক্ত করতে এই সাইট একটি নেটওয়ার্কিং মাধ্যম হিসেবে কাজ করবে।
‘নারীর জয়ে সবার জয়’ কর্মসূচিটি ইউএসএআইডি এবং ইউকেএআইডির যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির ফেসবুক পেজের ঠিকানা: www.facebook.com/narirjoyeshobarjoy।
—রাহিতুল ইসলাম