রাজনীতির আকাশে তারকারা

রাজনীতির অনেক হোমরাচোমরা নেতা মাঠে না থাকলেও ভারতের এবারের লোকসভা নির্বাচনে সেলুলয়েড জগতের তারকাদের ঢল নেমেছে। এ তারকাদের অনেকেই বলিউডের উজ্জ্বল নক্ষত্র। হারানো দিনের শত্রুঘ্ন সিনহা, রাজ বাব্বার ও হেমা মালিনী থেকে শুরু করে হাল আমলের গুল পানাগ, দেব, মুনমুন সেন ও পবন কল্যাণের মতো অনেকেই লড়ছেন বিভিন্ন দলের হয়ে। নির্বাচনী পাল্লায় লেগেছে গ্ল্যামারের রঙিন ছোঁয়া।
ভাবখানা এমন কংগ্রেস, বিজেপিসহ সব দলই কমবেশি এই তারকাদের রাজনৈতিক জনপ্রিয়তাকে পুঁজি করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে, যা রাজনৈতিক দলগুলোর একধরনের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয়। এখানে এ প্রশ্ন উঠতেই পারে যে চলচ্চিত্র বা টিভি তারকারা কি তাহলে রাজনীতির জগতে আসতে পারবেন না? অভিনেতা অভয় দেওল মনে করেন, রাজনীতিকে কলুষমুক্ত করতে সবার রাজনীতিতে আসা উচিত। খুব ভালো কথা। কিন্তু রাজনৈতিক দলগুলো যখন বিশেষ একটি পেশার লোকজনকে গণহারে প্রার্থী করে, তখনই এই দেউলিয়াপনা প্রকাশ হয়ে পড়ে।
ভারতের রাজনীতির মাঠে চলচ্চিত্র তারকাদের ‘ভাগ্যান্বেষণ’ নুতন কিছু নয়। তবে দক্ষিণে যেমনটা হয়েছে উত্তরে ততটা সফল নন তাঁরা। তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের মানুষ তাদের অঞ্চলের চলচ্চিত্র তারকাদের নামে পাগল। এন টি রামা রাও ও এম জি রামচন্দ্রনের মতো তারকা অভিনেতাদের ভোট দিয়ে রাজনীতিতেও তারকা বানিয়েছে দক্ষিণের মানুষ। কিন্তু ভারতের অন্য এলাকায় অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, ধর্মেন্দ্র ও গোবিন্দর মতো বিশাল তারকারা ঘটা করে রাজনীতিতে নামলেও নানা কারণে মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।
এবারের লোকসভা নির্বাচনে চণ্ডীগড়ে হবে দুই সেলিব্রিটির কৌতূহলোদ্দীপক লড়াই। তাঁরা হচ্ছেন আম আদমি পার্টির (এএপি) পক্ষে দাঁড়ানো গুল পানাগ ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিরণ খের। এএপি যখন প্রথম পানাগের নাম ঘোষণা করে তখন তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তার কথা ভেবে অনেকেই ধরে নিয়েছিলেন দৌড়ে বেশ কিছুটা এগিয়ে থাকবেন এ সাবেক বিউটি কুইন। কিন্তু বিজেপি পাল্টা চালে মাঠে নামিয়ে দেয় নামী অভিনেত্রী কিরন খেরকে। দলটি আরও মাঠে নামিয়েছে পরেশ রাওয়াল, জয় ব্যানার্জি ও সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়কে।
অন্যদিকে কংগ্রেস দল তারকাদের আঞ্চলিক জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে। এ জন্য তারা মাঠে নামিয়েছে ভোজপুরী সুপারস্টার রবি কিষাণ, অভিনেত্রী নাগমা আর সেকালের আরেক নামী তারকা রাজ বাব্বরকে। অন্যদিকে বিজেপি এবারও ধরে রেখেছে পুরোনো ভরসা শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনীকে। টিভি অভিনেত্রী স্মৃতি ইরানি বিজেপির হয়ে লড়বেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে। গান্ধী পরিবারের পুরোনো ঘাঁটি উত্তর প্রদেশের আমেথি আসনে রাহুলকে হারানোর প্রত্যয় উচ্চারণ করেছেন ইরানি।
ভারতে চলচ্চিত্রের খ্যাতিকে সাফল্যের সঙ্গে রাজনীতির মাঠে কাজে লাগাতে পেরেছেন যাঁরা, তাঁদের বেশির ভাগই দক্ষিণী। সত্যি বলতে কি, ১৯৬০-এর দশকের শেষ দিক থেকে এ পর্যন্ত তামিলনাড়ু রাজ্যটি শাসন করছেন চলচ্চিত্রের মানুষেরাই। এম জি রামচন্দ্রন (এম জি আর নামে বিখ্যাত), আগে ডিএমকের নেতা ছিলেন। পরে তিনি নিজের দল এআইএডিএমকে চালু করে সাফল্য পান। ১৯৮৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত টানা ১০ বছর রাজ্যের ক্ষমতায় ছিলেন এম জি আর। এআইএডিএমকের এখনকার নেতা মুখ্যমন্ত্রী জয়ললিতাও সাবেক অভিনেত্রী। ডিএমকে নেতা এম করুণানিধিও চলচ্চিত্রের মানুষ, একসময়ের কৃতী চিত্রনাট্যকার। ১৯৮৯ সাল থেকে তিনি আর জয়ললিতাই পালা করে তামিলনাড়ু শাসন করছেন। ১৯৮২ সালে তেলেগু দেশম দল গঠনের মাত্র ১০ মাসের মধ্যে ক্ষমতায় গিয়েছিলেন কিংবদন্তিপ্রতীম এন টি রামা রাও।
দক্ষিণে এ প্রজন্মের মধ্যে তেলেগু সুপারস্টার চিরঞ্জীবি নতুন দল প্রজা রাজ্যম গঠন করে রাজনীতিতে নামেন। তবে সুবিধা করতে না পেরে কংগ্রেসের সঙ্গে নিজের দলকে মিলিয়ে দেন তিনি। এখন চিরঞ্জীবির ছোট ভাই পবন কল্যাণ জন সেনা নামে এক দল প্রতিষ্ঠা করে ভাইয়ের কংগ্রেসকে হারাবেন বলে ঘোষণা দিয়েছেন!
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও এবারের নির্বাচনে তারকাদের নামিয়েছে। বাঁকুড়া থেকে লড়ছেন মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। নয়াদিল্লিতে লড়ছেন বিশ্বজিৎ। টলিউডের সুপারস্টার দেব লড়ছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসনে।
বলিউডের বিগ বি বলে পরিচিত অমিতাভ বচ্চন ১৯৮৪ সালে এলাহাবাদে হেমাবতী নন্দন বহুগুনার মতো বড় নেতাকে হারিয়ে দেন। কংগ্রেসের হয়ে সেবারই প্রথম রাজনীতিতে নেমেছিলেন অমিতাভ। কিন্তু তাঁর রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ হয়নি। গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে বোফর্স অস্ত্র কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ায় তিনি রাজনীতিকে বিদায় জানান। অমিতাভ ছাড়া অল্পদিনেই রাজনীতির অঙ্গন ছাড়া অভিনেতাদের মধ্যে আছেন ধর্মেন্দ্র, গোবিন্দ ও সঞ্জয় দত্ত। আবার শুরুতে সমস্যা হলেও লেগে ছিলেন অনেকে। সফলও হয়েছেন। শত্রুঘ্ন সিনহা ও সুনীল দত্ত উভয়েই একপর্যায়ে মন্ত্রী হয়েছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতিতে ছিলেন সুনীল দত্ত।
এবার রাজনীতির আকর্ষণ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সম্ভবত ওডিশা রাজ্যে। সেখানে আর্থিক মন্দায় এমনিতেই ছবির সংখ্যা কমেছে সম্প্রতি। তার ওপর শীর্ষ তারকাদের বেশির ভাগই নির্বাচনে নামায় চলচ্চিত্র নির্মাণের কাজ আপাতত বন্ধ প্রায়।
সুমন কায়সার
সূত্র: ইন্ডিয়া টুডে ও টেলিগ্রাফ পত্রিকা