রাজনৈতিক কর্মকাণ্ডে আর নয় শিশুর ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৯ মে হরতালের দিন বগুড়া শহরের কাজী নজরুল ইসলাম সড়কে পিকেটিং করছে কয়েকটি শিশু  ছবি: সোয়েল রানা
গত ৯ মে হরতালের দিন বগুড়া শহরের কাজী নজরুল ইসলাম সড়কে পিকেটিং করছে কয়েকটি শিশু ছবি: সোয়েল রানা

প্রায় ছয় মাস আগের কথা। হরতালের আগের দিন সন্ধ্যায় আগারগাঁও বস্তিতে কয়েকজন মধ্যবয়সী লোক বস্তির শিশু-কিশোরদের খুঁজতে থাকেন। কাছে পেয়ে কমল ও মিজানুরকে ওই লোকেরা আরও কয়েকজনকে ডাকতে বলেন। বেশ কয়েকজন শিশু-কিশোরকে এক করে ওই মধ্যবয়সী লোকেরা বলেন, কয়েক বস্তা বড় বড় ইটের খোয়া লাগবে।

প্রতি বস্তা ৫০ টাকা করে দেওয়া হবে। হরতালে যানবাহনে ছুড়ে মারার জন্য এসব ইটের খোয়া কাজে লাগানো হবে। এ ছাড়া পরদিন হরতালে ভোরে মিরপুরে পিকেটিং করতে হবে। বিনিময়ে প্রত্যেককে আরও ৫০ টাকা ও বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। এমন প্রস্তাব পেয়ে বস্তির শিশুদের কয়েকজন রাজি হয় হরতালে পিকেটিং করতে।

মিজানুরের বয়স প্রায় আট এবং কমলের বয়স নয় বছর। দুজনই প্রতিবেশী। এই দুই শিশু আগে মিরপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেত। কিন্তু তাদের পরিবারে অভাব-অনটন থাকার কারণে বাধ্য হয়ে তারা বিভিন্ন কাজ করে পরিবারকে সাহায্য করার চেষ্টা করে। মিজানুর বলে, ‘আব্বায় কইছে, পড়াল্যাখা কইরা কী হইব? ওইটা গরিবের লাইগ্যা না। তুই কাম শিখ, কাজে লাগব।’ সেই থেকেই মিজানুর বিভিন্ন কাজ করে। কয়েকবার হরতালে পিকেটিং করেছে।

আর কমলের বাবা থেকেও নেই। আরেকটি বিয়ে করেছেন তিনি। তখন থেকেই তার মা ও দুই বোনের খবর নেন না তার বাবা। কমল বলে, ‘মা বাইরে বাইরে কাম করে। সেই কামের ট্যাকা দিয়া সংসার চলে না। হের লাইগ্যা আমি গাড়ি ঠিক করার কাজে হাত লাগাই, ঠেলা ঠেলি।’ কমল জানায়, সে-ও বেশ কয়েকবার হরতালে পিকেটিং করেছে।

কমল ও মিজানুরের মতো অনেক শিশুকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। নগদ টাকা ও খাবারের বিনিময়ে শিশুদের মিছিল, পিকেটিংসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার বেড়েছে। সম্প্রতি ঢাকাসহ সারা দেশেই শিশুদের রাজনৈতিক মিছিলে যোগ দেওয়াসহ বিভিন্ন সহিংসতায় ব্যবহারের ঘটনা বেড়েছে।

কিন্তু সর্বশেষ পাস হওয়া শিশু আইন, ২০১৩ অনুসারে শিশুকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো শিশুর দ্বারা আগ্নেয়াস্ত্র বা অবৈধ ও নিষিদ্ধ বস্তু বহন এবং সন্ত্রাসী কার্য করান, তাহলে এসব অপরাধের জন্য তিন বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

আইন প্রণয়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ আইনের সঠিক বাস্তবায়ন হলে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার অনেকখানি কমে আসবে। তবে সবার আগে সচেতনতা সৃষ্টি করতে হবে।

সমাজবিজ্ঞানী ও মানবাধিকারকর্মীরা বলছেন, গরিব ও ছিন্নমূল শিশুদের এসব কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আশঙ্কা করা হচ্ছে, এতে শিশুদের ওপর একটি নেতিবাচক প্রভাব পড়ে, যার কারণে শিশুরা পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। নানা অপরাধে লিপ্ত হচ্ছে।

সর্বশেষ নির্বাচনী ইশতেহারে বিএনপি ও আওয়ামী লীগ দুটি প্রধান রাজনৈতিক দলের নির্বাচনী অঙ্গীকার ছিল যে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করবে না। অথচ দুটি প্রধান দলই কথা রাখেনি। দুটি দলের রাজনৈতিক মানববন্ধন, সমাবেশ, হরতালের আগে-পরে পিকেটিংয়ে শিশুদের ব্যবহার করা হচ্ছে। আর সম্প্রতি জামায়াতে ইসলামী তাদের বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় শিশুদের ব্যবহার করেছে।

শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারে সচেতনতার বিষয়ে গুরুত্ব দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, রাজনৈতিক সহিংসতায় সরাসরি অংশ নিলে তার আচরণে নেতিবাচক প্রভাব পড়ে, যা সারা জীবনে শিশুর বিকাশে অন্তরায় হয়ে দেখা দেয়। রাজনীতিতে ব্যবহারের ফলে শিশুর আচরণে একধরনের উন্মাদনা দেখা দেয়। এই শিশুদের মধ্য থেকে বড় হয়ে অনেকে সন্ত্রাসীও হয়, এমন নজির আছে অনেক। তিনি আরও বলেন, শিশুদের যাতে রাজনৈতিক কাজে ব্যবহার করা না হয়, এ জন্য রাজনৈতিক দলগুলোর সচেতনতার বিকল্প নেই।

শিশু বিশেষজ্ঞদের মতে, শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার বন্ধ করতে শুধু আইন করলেই চলবে না। পাশাপাশি গণমাধ্যমে এর বেশি বেশি প্রচার করতে হবে। এতে করে আইনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পাবে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহারে যে দণ্ডের কথা বলা হয়েছে, তা অনেক লঘু বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার বন্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে আত্মোপলব্ধি ঘটাতে হবে এবং দলগুলোকে সচেতন হতে হবে। যাঁরা আইন প্রণয়ন করবেন, তাঁদের আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। তাঁদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। প্রয়োজনে তাঁদের প্রশিক্ষণ দিতে হবে। তিনি আরও বলেন, শিশুদের যাঁরা ব্যবহার করছেন, তাঁদের শাস্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।