রাজনৈতিক টেস্ট ম্যাচের ধারাবিবরণী

সুপ্রিয় দর্শকমণ্ডলী, আমি চৌধুরী ধারাপাত আপনাদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। ২০১৪ সালের প্রথম টেস্ট ম্যাচের ধারাবিবরণীতে আপনাদের সুস্বাগতম!
দর্শকমণ্ডলী আপনারা জানেন, আজ আমরা দেশের বড় দুটি দলের টেস্ট ম্যাচ উপভোগ করতে যাচ্ছি। একটি দল হলো ‘এ’ দল, আরেকটি হলো ‘বি’ দল। সাদা-কালো জার্সি পরা দলটি হলো ‘এ’, ছাই রঙের জার্সি পরা দলের নাম ‘বি’। তবে দর্শক, চলুন সবার আগে শুনে আসি পিচ রিপোর্ট।
পিচ রিপোর্ট: ধন্যবাদ, চৌধুরী ধারাপাত ভাই। দীর্ঘদিন ধরে টানা হরতাল-অবরোধ, ককটেল, পেট্রলবোমা নিয়ে আতঙ্কের মেঘ থাকলেও সেটি কাটিয়ে এখন বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। এটা ব্যাটিং করার জন্য বেশ সহায়ক হবে আশা করা যায়। অন্যদিকে বিকেলের দিকে কুয়াশা পড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তাতে স্পিনারদের বেশ খানিকটা অসুবিধা হবে বলে আমাদের ধারণা।
ধন্যবাদ, পিচ রিপোর্টার ভাই। মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। দীর্ঘমেয়াদি টেস্ট ম্যাচের শুরুর দিন হিসেবে দারুণ উপযোগী। এদিকে পিচ ও আবহাওয়া অনুকূলে থাকায় ম্যাচটি বেশ জমজমাট হবে বলে আশা করছি আমরা। দর্শক, আমরা এখন আপনাদের জানিয়ে দিচ্ছি ম্যাচের কিছু তথ্য—
অংশগ্রহণকারী দল: ‘এ’ দল ও ‘বি’ দল
ম্যাচের মেয়াদ: পাঁচ বছর (কম-বেশিও হতে পারে)
আম্পায়ারদ্বয়: নির্বাচন কমিশন ও প্রশাসন
থার্ড আম্পায়ার: তত্ত্বাবধায়ক সরকার
সম্প্রচার স্বত্ব: বিটিভিসহ সব বেসরকারি টিভি চ্যানেল
দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি, দুই আম্পায়ার টস করার জন্য মাঠে ঢুকছেন। কিন্তু খেলায় থার্ড আম্পায়ার থাকবে কি থাকবে না—এটা নিয়ে বেশ তর্ক জমে উঠেছে। শেষ পর্যন্ত ‘বি’ দল টস বর্জন করায় বিনা টসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল ‘এ’ দল। আসুন, দেখে নিই দুই দলের লাইনআপ—
ব্যাটিং অধিনায়ক: ‘এ’ দলের প্রধান
বোলিং অধিনায়ক: ‘বি’ দলের প্রধান
ব্যাটিং একাদশ: মন্ত্রিসভা
দ্বাদশ খেলোয়াড়: দপ্তরবিহীন মন্ত্রী
বোলিং একাদশ: ‘বি’ দলের স্থায়ী কমিটির সদস্যরা
বোলিং দ্বাদশ: বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অলরাউন্ডার
এরই মধ্যে খেলা শুরু হয়ে গেছে। বিরোধী দলের দুর্ধর্ষ ফাস্ট বোলার তাঁর ট্রাউজার খুলে, দুঃখিত, ক্যাপ খুলে আম্পায়ারের হাতে দিলেন। এই মাত্র আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন বোলার। উইকেটে আছেন মারমুখী হার্ডহিটিং ব্যাটসম্যান। প্রচুর শট আছে তার হাতে। যাই হোক, ব্যাটসম্যান দেখেশুনে, অত্যন্ত আস্থার সঙ্গে বলের মেধা ও গুণাগুণ বিচার করে বলটি ছেড়ে দিলেন।
ওভারের পরের বল করতে আসছেন বোলার। এবার কিন্তু ওই ব্যাটসম্যান স্কয়ার কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে—চার!
দর্শক, খেয়াল করে থাকবেন, দুই ব্যাটসম্যানই কিন্তু আজ অন ফায়ার! সমানে চার-ছয় মেরে যাচ্ছেন। পুরোপুরি টি-টোয়েন্টি স্টাইল যাকে বলে। অন্যদিকে বোলাররা বোধ হয় বেশ ক্লান্ত-পরিশ্রান্ত। তা ছাড়া এই দলের অনেক খেলোয়াড়ই বাধ্যতামূলক অবসরে আছেন কারাগারে! তার পরও বোলারদের লক্ষ্য কিন্তু একটাই—দ্রুত উইকেট তুলে নেওয়া। এরই মধ্যে এক বোলারকে বল টেম্পারিং করার অভিযোগে মাঠের বাইরে চলে যাওয়ার নির্দেশ দিলেন আম্পায়ারদ্বয়।
যাই হোক, ওভারের পরের বল—বল হাতে নিয়ে ছুটে আসছেন বোলার। বল হাতে তার মতো ভয়ানক বোলার কিন্তু আমি খুব কমই দেখেছি, আজ কিন্তু যেকোনো কিছু ঘটে যেতে পারে। ব্যাটসম্যান সজোরে ব্যাট চালালেন, ছক্কা হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সরাসরি বোওওওওওল্ড!
কিন্তু একি! আম্পায়ার বলছেন—নট আউট! খেলায় থার্ড আম্পায়ার নেই, তাই আম্পায়ারদ্বয় ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ বলে অভিযোগ তুলল ‘বি’ দল। একই সঙ্গে দ্রুত থার্ড আম্পায়ার ফিরিয়ে আনার জন্য আন্দোলনের হুমকি দিচ্ছেন তাঁরা। কিন্তু আম্পায়ারদ্বয় ইতিমধ্যে স্টাম্পের বেল তুলে ফেললেন। অর্থাৎ চা পানের বিরতি।
খেলায় আপাতত বিরতি। দর্শক, এরই মধ্যে বলে রাখি, এই খেলা ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যাঁরা জিতবেন, তাঁরা পুরস্কার হিসেবে পাবেন একটি সিংহাসন। দেখা যাক, ম্যাচের বাকি অংশে আরও কী চমক অপেক্ষা করছে। এতটুকু বলে আমি চৌধুরী ধারাপাত আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে, সেখানে ম্যাচ-পরবর্তী টক-শোতে অপেক্ষা করছেন আমাদের বিশেষ অতিথিরা।