
তাহলে কেমন হতো পত্রিকার খবরগুলো?
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে যা ঘটত
একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের বিশ্বকাপ আয়োজনে সরকারি দল বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন আম্পায়ারের ওপর দায়িত্ব দেওয়া হবে বিশ্বকাপ পরিচালনা করার জন্য। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তত্ত্বাবধায়ক আম্পায়ার। বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক আম্পায়ারের রীতি প্রচলিত নেই দাবি করেছে সরকার। বিরোধী দলকে বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তারা। এ জন্য তারা সংলাপে বসতেও রাজি। এ বিষয়ে বিরোধীদলীয় প্রধানকে ‘বিশ্ব কাপে’ চা পানের আমন্ত্রণ জানিয়েছেন সরকারদলীয় প্রধান।

একটি অবাধ-সুষ্ঠু-আন্তর্জাতিক মানের স্বচ্ছ বিশ্বকাপের দাবিতে বিশ্বকাপ বয়কট করেছে বিরোধী দল। তারা জানায়, তত্ত্বাবধায়ক আম্পায়ার ছাড়া বিশ্বকাপ সম্ভব নয়। এ জন্য তারা আন্দোলন চালিয়ে যাবে। পুরো দেশে অবরোধ দিয়েছে দলটি। একটি বলও যাতে মাঠে না গড়ায়, সে ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে সর্বস্তরের নেতা-নেত্রী ও কর্মীদের।
পিচে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে বিরোধী দলের প্রধান অলরাউন্ডারসহ বেশ কিছু ফাস্ট বোলার গ্রেপ্তার।
বিরোধী দল বিশ্বকাপ না খেললে বিশ্বকাপ খেলবেন না হুসেইন মুহম্মদ এরশাদ।
বিশ্বকাপের সব কটি ম্যাচে খেলবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ একধরনের ফাঁকিবাজি!’—বলেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে একটি দল। উল্লেখ্য, প্রাথমিক ১৫ জন খেলোয়াড় পাওয়া যায়নি বলে তারা এখনো খেলোয়াড়ের তালিকা জমা দিতে পারেনি।
বিরোধী দলের অধিনায়কের বাড়ির সামনে বালুর ট্রাক নষ্ট হয়ে যাওয়ায় নেট প্র্যাকটিসে যেতে পারেননি তিনি।