রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে চলচ্চিত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাজ গুড অ্যাজ ইট গেটস চলচ্চিত্রের একটি দৃশ্য
অ্যাজ গুড অ্যাজ ইট গেটস চলচ্চিত্রের একটি দৃশ্য

আবেগ বা ভাবালুতায় পরিপূর্ণ চলচ্চিত্র মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে এবং তুলনামূলক উদার মানসিকতা গড়ে তোলে। এ ক্ষেত্রে চলচ্চিত্রের প্রভাব কোনো প্রচারপত্র বা সংবাদ প্রতিবেদনের চেয়ে অনেক গুণ বেশি। মার্কিন গবেষকেরা এমনটিই দাবি করছেন।
সোশ্যাল সায়েন্স কোয়ার্টারলি সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব নটর ডেমের শিক্ষক টড অ্যাডকিনসের নেতৃত্বে একদল রাজনীতিবিজ্ঞান গবেষক সেখানকার ৩০০ ছাত্রছাত্রীর ওপর জরিপ চালান। এতে তাঁরা যাচাই করে দেখার চেষ্টা করেন, রাজনৈতিক আদর্শসংবলিত জনপ্রিয় বিভিন্ন হলিউড চলচ্চিত্র মানুষের জীবনে কী রকম প্রভাব ফেলে। ওই শিক্ষার্থীদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মানসিকতার তথ্য সংগ্রহের পর তাঁদের প্রত্যেককে নির্দিষ্ট কয়েকটি চলচ্চিত্র দেখানো হয়। পরে তাঁদের আবারও কিছু প্রশ্ন করে দৃষ্টিভঙ্গি বা মনোভাবে কোনো পরিবর্তন হয়েছে কি না, সেই তথ্য সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে চলচ্চিত্রের ভূমিকা অত্যন্ত প্রভাবশালী।
প্রাথমিক জরিপের ভিত্তিতে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে প্রত্যেক দলকে একটি করে তিনটি পৃথক চলচ্চিত্র দেখতে দেওয়া হয়। ছবিগুলো হলো রাজনৈতিক বার্তাবিহীন চলচ্চিত্র কন্ট্রোল এবং শক্তিশালী রাজনৈতিক বার্তাসংবলিত চলচ্চিত্র অ্যাজ গুড অ্যাজ ইট গেটস এবং দ্য রেইনমেকার। শেষ দুটি চলচ্চিত্রের অভিনয়শিল্পী যথাক্রমে জ্যাক নিকলসন ও ম্যাট ডেমন তাঁঁদের অসাধারণ অভিনয়শৈলী দিয়ে সূক্ষ্মভাবে রাজনৈতিক বার্তা তুলে ধরেন।
টড অ্যাডকিনস বলেন, রাজনৈতিক বার্তাসংবলিত চলচ্চিত্র মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টে অনেকটাই বামপন্থী চেতনায় উদ্বুদ্ধ করে। ফলে ওই দর্শকের মধ্যে উদার মনোভাব গড়ে ওঠে। কারণ, চলচ্চিত্র দেখার সময় প্রায় সবাই কেবল উপভোগের দিকে গুরুত্ব দেয়, বিশেষ কিছু শেখার প্রতি নয়। ফলে অবচেতনে তারা অনেক বিষয় আত্মস্থ করে, যার প্রভাব হয় সচেতন অবস্থার চেয়েও বেশি কার্যকর। আর চলচ্চিত্রের প্রভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা মনোভাবে যে পরিবর্তন আসে, তা বেশ দীর্ঘস্থায়ী হয়। ইনডিপেনডেন্ট।