
মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে মায়াবতী যখন উত্তর প্রদেশ সরকারকে বরখাস্ত করার দাবি জানান, রাজ্যের সাবেক এই মুখ্যমন্ত্রীকে তখন খুব একটা দোষ দেওয়া যায় না। কারণ, তাঁর পাঁচ বছরের শাসনে উত্তর প্রদেশকে মায়াবতী সাম্প্রদায়িকতার আগুনে একবারের জন্যও উত্তপ্ত হতে দেননি। চিরদিন জাতপাত ও সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট এই রাজ্যটি পুরোনো ছবিটা মুছে ৩৮ বছরের এক তরতাজা যুবকের হাত ধরে প্রগতি ও উন্নয়নের রাস্তায় গটগট করে হেঁটে যাবে, এমনটাই আশা করা হয়েছিল। অথচ, অখিলেশ একেবারে ডাহা ফেলই যে শুধু করলেন তা নয়, সাম্প্রদায়িকতায় উসকানি দিয়ে নরেন্দ্র মোদির বিজেপি ২০১৪ সালে দিল্লি দখলের লক্ষ্যে উত্তর প্রদেশকে যে বাজি ধরেছে, সেই ফন্দিফিকির জেনেবুঝেও ব্যর্থ করতে পারলেন না। ফলে গোধরা-পরবর্তী ভারতে সবচেয়ে ব্যাপক দাঙ্গার সাক্ষী হতে হলো আমাদের। ৩৮ জনের মৃত্যু, পাঁচ হাজার মানুষের ঘরছাড়া হওয়ার পর মজফফরনগর আপাতত শান্ত।
অথচ, উত্তর প্রদেশের পশ্চিম প্রান্তের এই বিস্তীর্ণ অঞ্চলে হিন্দু-মুসলমানের এই দাঙ্গা এককথায় বিস্ময়কর একটা ঘটনা। বিস্ময় এই কারণে, কৃষিপ্রধান এই অঞ্চলে হিন্দু-মুসলমানের সম্পর্ক বহুদিন থেকেই দুধে-আমের। এই কারণে গ্রামের পর গ্রামে দুই সম্প্রদায় পাশাপাশি বাস করে আসছে। জাট জনগোষ্ঠীর এই হূদয়পুরের একচ্ছত্র অধিপতি ছিলেন চৌধুরী চরণ সিং। সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো রকমের চিড় যাতে না ধরে, সেদিকে তাঁর নজর ছিল তীক্ষ। তাঁর পুত্র অজিত সিং বাবার সেই প্রভাবের কিছুটা যেমন উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন, তেমনই সাম্প্রদায়িক রাজনীতি থেকে নিজেকে ও এলাকাকে দূরে রাখার চেষ্টা করেছেন। বছরভর চাষ হওয়ায় এই এলাকা অর্থনৈতিক দিক থেকে উন্নত। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দিক থেকেও হিন্দু-মুসলমানের অবস্থান কাছাকাছি। উভয়েই একসময় ছিল চরণ সিংয়ের লোক দল-এর সমর্থক। পরবর্তীকালে সেই সমর্থনে ভাগ বসায় মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)।
দিল্লি দখলের আশায় বিজেপি যেদিন থেকে নরেন্দ্র মোদির ওপর বাজি ধরে, সেই দিন থেকেই দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের দিকে তাদের নজর। মোদির হিসাব খুবই পরিষ্কার। বিজেপিকে তিনি এককভাবে ১৮০-২০০ আসনের কাছাকাছি নিয়ে যেতে চাইছেন। সেটা সফল হওয়া সম্ভব, দল যদি উত্তর প্রদেশ ও বিহার থেকে অন্তত ৬০টি আসন জিততে পারে। গুরুত্বপূর্ণ ও আসনবহুল উত্তর প্রদেশে বিজেপিকে সেই জায়গায় নিয়ে যেতে হলে সাম্প্রদায়িক প্রচার জরুরি। সেই লক্ষ্যে মোদি তাঁর অতি বিশ্বস্ত সহচর, একসময়ের গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষৌ নিয়ে গেছেন। পাশাপাশি সংঘ পরিবার সক্রিয় সেইসব কাজে, যেগুলো উগ্র হিন্দু মানসিকতায় সুড়সুড়ি দেয়। অযোধ্যা অভিযান প্রাথমিকভাবে সেই কাজটা করেছে। এখনো চলছে নানা রকমের প্রচার, যা ক্রমে ক্রমেই বিষিয়ে তুলছে পরিবেশ। কয়েক মাস ধরেই এ বিষয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে নানা স্তর থেকে। কিন্তু অখিলেশ সচকিত হতে চাননি। ফলে ছোট-মাঝারি-বড় ঘটনা ঘটেই চলেছে। চওড়া হচ্ছে বিভাজনের দেয়াল।
এই রাজনৈতিক-সাম্প্রদায়িক আয়নাতেই দেখতে হবে মুজফফরপুরের সাম্প্রদায়িক সহিংসতাকে। পশ্চিম উত্তর প্রদেশে লোকসভার যে ১৮টি আসন রয়েছে, সেগুলোতে বিজেপি ও সমাজবাদী পার্টি দুই দলই অপেক্ষাকৃত দুর্বল। ২০০৯ সালের নির্বাচনে মায়াবতীর বিএসপি পায় ছয়টি, অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোক দল পাঁচটি, বিজেপি ও মুলায়মের সমাজবাদী পার্টি পায় তিনিটি করে আসন। কংগ্রেসের ভাগে ছিল মাত্র একটি। সংঘ পরিবার ও মোদির ধারণা, এই দাঙ্গা পশ্চিম উত্তর প্রদেশের সংখ্যাগরিষ্ঠ জাটদের রাজনৈতিক সত্তাকে ছাপিয়ে তাদের ধর্মীয় সত্তাকে বড় করে তুলবে, যার ফল আসবে বিজেপির ভোটের ঝুলিতে। সেই প্রচার সংঘ পরিবার শুরুও করে দিয়েছে। রাজনৈতিক দিক থেকে হিন্দু মেরুকরণ যত হবে, ততই বিজেপির লাভ হবে বলে সংঘ পরিবারের ধারণা। একইভাবে মুসলমানেরাও স্বাভাবিক নিয়মে জোটবদ্ধ হবে। কিন্তু সেখানে দাবিদার বেশি। কংগ্রেস, এসপি ও বিএসপি। সংঘ পরিবারের হিসাবে, বহু বিভাজিত মুসলমান ভোট বিজেপির বেশি আসন প্রাপ্তিকেই নিশ্চিত করবে।
ভোট যত এগোবে, সাম্প্রদায়িকতার আগুন তত ছড়াবে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের গোয়েন্দাদের পূর্বাভাস এমনই। এই সাবধানবাণী একাধিকবার উচ্চারিত হয়েছে মুজফফরনগরের ক্ষেত্রেও। অথচ অখিলেশ সজাগ হননি। কারণ, তাঁর দল এখনো বিশ্বাস করে, মেরুকরণের রাজনীতিতে রাজ্যে মুসলমানদের সমর্থন একমাত্র তারাই পাওয়ার যোগ্য। উত্তর প্রদেশের প্রায় সব জেলাতেই সাম্প্রদায়িকতার আগুন কমবেশি জ্বলছে। মোদিদের পরিকল্পনা অনুযায়ী আর্যাবর্তের গো-বলয়ে সেই আগুনের আলোয়ই অনুষ্ঠিত হবে পরবর্তী লোকসভার ভোট।