বিরাম চিহ্ন অংশ-১২
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৩১.
এক রাতে রাজা ঘুমাতে যান কিন্তু যখন ভোর বেলা তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখেন যে কিছুতেই তিনি চোখ খুলতেই পারছেন না কী হলো কী হলো মন্ত্রী সেনাপতি দাসদাসী আর রানি ছুটে এসে দেখেন রাজার শরীরজুড়ে গেঁথে আছে সুচ আর সুচ।
উত্তর: এক রাতে রাজা ঘুমাতে যান। কিন্তু যখন ভোর বেলা তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখেন যে কিছুতেই তিনি চোখ খুলতেই পারছেন না। কী হলো কী হলো! মন্ত্রী, সেনাপতি, দাসদাসী আর রানি ছুটে এসে দেখেন, রাজার শরীরজুড়ে গেঁথে আছে সুচ আর সুচ।
৩২.
হাতিশালে হাতি তার ঘোড়াশালে ঘোড়া লোকলস্কর, সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী রাজকোষ ভরা থাকে মণিমাণিক্যে আর রাজপুরী আলো করে থাকে রানি কাঞ্চনমালা চারদিকে তার থইথই সুখ এত সুখের দিনে মাঠের রাখালবন্ধুর কথা তার মনেও পড়ে না মনেও পড়ে না সেই প্রতিজ্ঞার কথা রাজপুত্র বন্ধুকে ভুলে যায়।
উত্তর: হাতিশালে হাতি তার, ঘোড়াশালে ঘোড়া। লোকলস্কর, সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী, রাজকোষ ভরা থাকে মণিমাণিক্যে, আর রাজপুরী আলো করে থাকে রানি কাঞ্চনমালা। চারদিকে তার থইথই সুখ। এত সুখের দিনে মাঠের রাখালবন্ধুর কথা তার মনেও পড়ে না, মনেও পড়ে না সেই প্রতিজ্ঞার কথা। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়।
৩৩.
এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো সবুজ পাতা আর দেখেসামনে কে যেন দাঁড়িয়ে কে সেই রাখালবন্ধু রাজা দুই হাতে জড়িয়ে ধরেন কেঁদে জেরবার হয় রাখালবন্ধু চোখের জলে ভাসতে ভাসতে রাজা ক্ষমা চান তাঁর বন্ধুর কাছে কথা দিয়ে কথা রাখেননি তো রাজা সেই ভুলের জন্য ক্ষমা চান আর বলেন বন্ধু আজ থেকে তুমি আমার মন্ত্রী।
উত্তর: এদিকে, রাজা বহু বছর পরে চোখ মেলেন। বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা, আর দেখে—সামনে কে যেন দাঁড়িয়ে! কে! সেই রাখালবন্ধু! রাজা দুই হাতে জড়িয়ে ধরেন। কেঁদে জেরবার হয় রাখালবন্ধু। চোখের জলে ভাসতে ভাসতে রাজা ক্ষমা চান তাঁর বন্ধুর কাছে। কথা দিয়ে কথা রাখেননি তো রাজা! সেই ভুলের জন্য ক্ষমা চান, আর বলেন, বন্ধু, আজ থেকে তুমি আমার মন্ত্রী।
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল