রাজশাহী: রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুলে গত ৩০ মার্চ সংখ্যা ভ্রমণের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো দিনব্যাপী গণিত কর্মশালা। এতে অংশ নেয় রাজশাহী শহরের বিভিন্ন স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী। কর্মশালাটি ছিল জুনিয়র আর সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য। জুনিয়র ক্যাটাগরির ক্লাস হয় নম্বর থিওরির মূল কিছু ধারণা নিয়ে। এর সঙ্গে আঞ্চলিক অলিম্পিয়াডের বিগত বছরের সমস্যার সঙ্গে পরিচিত করা হয়। সেকেন্ডারি ক্যাটাগরির দুই সেশনে মূলত নম্বর থিওরি আর জ্যামিতির সমস্যা নিয়ে আলোচনা হয়। কর্মশালা পরিচালনা করেন ফরহাদ মহসিন, মাহাদি জুলফিকার, পারভেজ শামস ও মোহাইমিনুল রাফি। শিক্ষার্থীদের এরূপ কর্মশালায় অংশগ্রহণের আগ্রহের কথা জানায়। সেই উদ্দেশেই স্থানীয় গণিত ক্লাবের মাধ্যমে আগামী মে মাস থেকে দ্বি-মাসিক গণিতবিষয়ক কর্মশালা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতি শুক্রবার গভ. ল্যাবরেটরি হাইস্কুলে অনুষ্ঠিত হবে এই কর্মশালা। আগ্রহীরা যোগ দিতে পারবে। খুলনা: গণিতের মজার মজার বিষয় নিয়েই খুলনায় অনুষ্ঠিত হলো সংখ্যা ভ্রমণ। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা জিলা স্কুল আর শ্রীনিভাস রামানুজন ম্যাথ ক্লাবে সংখ্যা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছিল সংখ্যা ভ্রমণের ব্যাপ্তিকাল। জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির (ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী) আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ীরাসহ প্রায় ১৫০ জন শিক্ষার্থী আয়োজনে অংশ নিয়েছে। কর্মশালা পরিচালনা করেন মেহফুজ জহির, সকাল রায়, অম্লান সাহা, প্রিতম কুমার প্রমুখ। জ্যামিতি, সংখ্যাতত্ত্ব, কম্বিনেটরিক্স আর বীজগণিতের সমন্বয়ে গণিতের মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের আমাদের চারপাশে লুকিয়ে থাকা গণিতের বিপুল সৌন্দর্য খুঁজে বের করতে উৎসাহী করে তোলা ছিল সংখ্যা ভ্রমণের অন্যতম প্রয়াস। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে আয়োজন দুটি অনুষ্ঠিত হয়।ফরহাদ মহসিন ও সকাল রায়