রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন দুই বিভাগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স নামে নতুন দুটি বিভাগ চালু করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলা অনুষদের অধীনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেমকে নিযুক্ত করা হয়েছে। অপর দিকে বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে সভাপতি হিসেবে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক আবদুল কুদ্দুসকে সভাপতি নিযুক্ত করা হয়। বিভাগ দুটিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেয়ে বিভাগ দুটির কার্যক্রম শুরু হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তিসহ সার্বিক কার্যক্রম শুরু হবে।
নতুন দুটি বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীনে বিভাগের সংখ্যা ৫০টিতে দাঁড়াল।