রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পরিচয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত শনিবার ডিজিটাল পরিচয়পত্র বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড (আরএফআইসি) প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াফেস ওসমান বলেন, বর্তমানে ই-টেন্ডার, মোবাইল ব্যাংকিংসহ নানা ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ হচ্ছে। এ ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পরিচয়পত্র প্রদানের মধ্য দিয়ে দেশ উচ্চশিক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল। তিনি আরও বলেন, সবার সার্বিক সহযোগিতায় রাজশাহী নগরে প্রথম কম্পিউটার ক্লাস্টার স্থাপন করে রাজশাহীকে তথ্যপ্রযুক্তির নগরে পরিণত করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান জানান, চলতি বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর জন্য ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া ছাড়াও প্রথম বর্ষ থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত ভর্তি ও একাডেমিক যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে পারবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রকীব আহমেদ, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসানসহ আরও অনেকে বক্তৃতা করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম আবদুর রহমান, প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার, বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়