রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগে (সিএসই) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য এম আবদুস সোবহান। এরপর উপাচার্য সিএসই বিভাগের নিজস্ব তারহীন ইন্টারনেট কার্যক্রমেরও উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রহমান, সিএসই বিভাগের সভাপতি শামীম আহমদ, অধ্যাপক এম খাদেমুল ইসলামসহ অনেকে। ডিজিটাল পরিচয়পত্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ জানান, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীকে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া ও অনলাইন তথ্য ব্যবস্থা কার্যক্রম শুরু করা হয়েছে। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি