রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তির নানা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই ইন্টারনেটে বিস্তার ঘটাতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হলের শিক্ষার্থীরা নামমাত্র ফির বিনিময়ে পাবেন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে আরও নানা কাজে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্রে যুক্ত হচ্ছে বেতার তরঙ্গ শনাক্তকারী প্রযুক্তি (আরএফআইডি)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে বিশ্বব্যাংকের আর্থিক অনুদানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক গৃহীত উচ্চশিক্ষায় মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাছে শিক্ষা ও গবেষণা বিষয়ে উন্নয়নমূলক সামগ্রিক একটি প্রকল্প চেয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠি প্রাপ্তির পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গসহ বিভিন্ন মহলের সঙ্গে প্রাথমিক বৈঠক করে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য ‘এক্সটেনশন এ রিনোভেশন অব নেটওয়ার্ক এ বিল্ডিং অটোমেটেড অফিস ম্যানেজমেন্ট সিস্টেম’ নামক একটি প্রকল্প তৈরি করা হয়। প্রস্তাবিত ওই প্রকল্প এমনভাবে তৈরি করা হয়েছে, যেন প্রকল্পটি বাস্তবায়িত হলে এর আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরএফআইডি পরিচয়পত্র, শিক্ষকদের আবাসিক বাসভবনসহ শিক্ষার্থীদের ১৬টি আবাসিক হল্রেপ্রত্যেকের জন্য ব্যক্তিগত ইন্টারনেটের সুবিধাসহ শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত ভর্তি ও যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, প্রাথমিকভাবে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি ৬০ লাখ টাকা এবং আগামী বছরের শুরুতেই প্রকল্পটির কাজ শুরু হতে পারে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কেন্দ্রের পরিচালক ও প্রস্তাবিত ওই প্রকল্পের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, ইউজিসি এই প্রকল্পের ব্যাপারে বেশ ইতিবাচকভাবে সাড়া দিয়েছে এবং ইউজিসি তা দ্রুত বাস্তবায়নের ব্যাপারেও আশ্বস্ত করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা ইচ্ছা করলে ঘরে বসেই তাঁদের ভর্তিসহ সব কাজ সম্পন্ন করতে পারবেন। ইউজিসির যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত প্রকল্পটির অনুমোদন পেলে আগামী বছরের শুরুতেই এর আওতায় যেসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। হেকেপের পরিচালক কোরবান আলী এ প্রসঙ্গে বলেন, ‘দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রকল্প আমাদের হাতে এসে পৌঁছেছে। এগুলোর এখন যাচাই-বাছাই চলছে।’ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো চলতি বছরের ডিসেম্বরে অনুমোদন পাবে বলে তিনি উল্লেখ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান এ প্রসঙ্গে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তা এই বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকেই অবাধ তথ্যপ্রযুক্তিতে প্রবেশ করার অপূর্ব সুযোগ এনে দেবে, যা হবে সবার জন্যই কল্যাণকর একটি বিষয়। —কুদরাত-ই-খুদা