রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সুন্দরবন ভোট সপ্তাহ’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভোটদান সপ্তাহ শুরু হয়েছে। রোববার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোটদান সপ্তাহ উদ্বোধন করা হয়। এর আগে এই বিভাগের পক্ষ থেকে সুন্দরবনকে ভোটদানে সবাইকে উৎসাহিত করতে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা এতে অংশ নেন। শোভাযাত্রা শেষে বিভাগের ১২৩ নম্বর কক্ষে সাত দিনব্যাপী ভোটিং কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুহম্মদ মিজানউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মশিহুর রহমান। ভোটদান সপ্তাহের প্রথম দিনে বিভাগের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সুন্দরবনকে ভোট দেন। এর আয়োজকেরা জানান, সব ব্যাচের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সপ্তাহজুড়ে সুন্দরবনকে ভোট দেবেন। ভোটদান সপ্তাহের উদ্যোক্তারা বলেন, সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় আনতে পারলে প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি পর্যটক সুন্দরবন দেখতে আসবেন, এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়